Ajker Patrika

শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ ব্যানার, প্রধান শিক্ষক জেলহাজতে

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২০: ৪৭
শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ ব্যানার, প্রধান শিক্ষক জেলহাজতে
মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়া। ছবি: সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের ঘটনায় মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিল্লি বাজার থেকে আবুল হাশেম ভূঁইয়াকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাটুরিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারায় মামলা হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিল্লি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি আয়োজন করা হয়। র‍্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে পুলিশ ব্যানারটি জব্দ করে প্রধান শিক্ষককে থানায় নিয়ে যায়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালি ও আলোচনা সভা নিয়ে তাঁদের আপত্তি ছিল না। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তির নাম-সংবলিত ব্যানার ব্যবহারের বিষয়টি তাঁদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার বিকেলে প্রধান শিক্ষককে আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশের দাবি, আবুল হাশেম ভূঁইয়া (৪৮) দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বাসিন্দা এবং কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর বাবার নাম মৃত ফুলতান ভূঁইয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত