Ajker Patrika

জামিনে বেরিয়েই তথ্যদাতা সন্দেহে গৃহবধূকে কুপিয়ে হত্যা মাদক কারবারির

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২০: ৫৩
জামিনে বেরিয়েই তথ্যদাতা সন্দেহে গৃহবধূকে কুপিয়ে হত্যা মাদক কারবারির
শিমু বেগম। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরী গ্রামে মাদক কারবারের তথ্য পুলিশকে দেওয়ার সন্দেহে শিমু বেগম (৪৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাগর খোন্দকার (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে।

নিহত শিমু বেগম গুজুরী গ্রামের আলম চাঁনের স্ত্রী। গতকাল সোমবার সন্ধ্যায় হামলার পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে শিমু বেগমের মৃত্যু হয়।

অভিযুক্ত সাগর পলাতক রয়েছেন। তিনি একই গ্রামের বদর উদ্দীনের ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে ২০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হন সাগর। এক মাস আগে জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতে ফেরেন।

শিমু বেগম ও তাঁর স্বামীর সঙ্গে সাগরের মাদক কারবারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। শিমু বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল বলে সন্দেহ করতেন সাগর। এ নিয়ে শিমু বেগম ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি ক্ষুব্ধ ছিলেন তিনি।

ওই বিরোধের জের ধরে গতকাল সন্ধ্যা ৬টার দিকে শিমু বেগমকে ধারালো দা দিয়ে কোপ দেন সাগর—এমন অভিযোগ পুলিশের। হামলায় শিমু বেগমের ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

স্বজনেরা গুরুতর আহত শিমু বেগমকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আজ মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বামী আলম চাঁন বলেন, এর আগেও সাগর তাঁর ওপর হামলা চালিয়েছিলেন। তাঁকে ও পরিবারের সদস্যদের বারবার হামলার শিকার হতে হয়েছে। এসব ঘটনায় তাঁরা দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুলুস পাঠান বলেন, সাগর ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে জামিনে মুক্তি পান। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিমু বেগম মাদক কারবারের তথ্য পুলিশকে দিয়েছিলেন বলে সাগর সন্দেহ করতেন। এ কারণে ক্ষোভ থেকে শিমু বেগমের ওপর হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মো. জুলুস পাঠান আরও বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে গৃহবধূর মৃত্যু হয়ে থাকতে পারে। অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত