Ajker Patrika

শৈশবের স্মৃতিঘেরা উঠানে শেষবারের মতো ফিরলেন অভিনেতা সোহেল খান

আব্দুর রাজ্জাক, (ঘিওর) মানিকগঞ্জ
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২২: ৩৫
শৈশবের স্মৃতিঘেরা উঠানে শেষবারের মতো ফিরলেন অভিনেতা সোহেল খান
সোহেল খান। ছবি: সংগৃহীত

একসময় অভিনয়ে হাসিয়েছেন মানুষকে, পর্দায় হয়ে উঠেছেন অসংখ্য চরিত্রের পরিচিত মুখ। আজ জীবনের শেষ দৃশ্যের যবনিকা পতনে রইলেন নীরব। যে গ্রাম থেকে শুরু হয়েছিল তাঁর জীবনের পথচলা, সেই গ্রামেই ফিরে এলেন কফিনবন্দী হয়ে। আজ মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে আকস্মিক অসুস্থতায় মারা যান অভিনেতা সোহেল খান। ৬৬ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুতে শোক নেমে এসেছে বিনোদন অঙ্গন ও ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে।

মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সোহেল খানের অভিনয়জীবন শুরু। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ নাটকে ছোট পর্দায় অভিষেক। তবে ‘৪২০’ ধারাবাহিকের ‘বিশু’ চরিত্র তাঁকে এনে দেয় ব্যাপক পরিচিতি। আঞ্চলিক ভাষার টান, স্বতন্ত্র অভিব্যক্তি ও সহজাত হাস্যরসে গড়ে তুলেছিলেন নিজস্ব অভিনয়শৈলী।

‘হাউসফুল’, ‘ভালোবাসার যৌথ খামার’সহ নানা নাটকের পাশাপাশি ‘দারুচিনি দ্বীপ’ দিয়ে ২০০৭ সালে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। অভিনয় করেছেন ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘দেশা: দ্য লিডার’, ‘তারকাঁটা’, ‘বীর’, ‘প্রিয় কমলা’, ‘শান’, ‘জংলি’সহ অসংখ্য চলচ্চিত্রে। ‘প্রজাপতি’তে মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’-এ বাবুল চরিত্রে তাঁর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে।

পর্দার বাইরেও ছিলেন প্রাণবন্ত ও রসিক। সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টায় মাতিয়ে রাখতেন পরিবেশ।

ধামরাইয়ের রাজাপুর গ্রামেই ছিল সোহেল খানের শিকড়। প্রয়াত আতাউর রহমান খানের দুই ছেলে ও চার মেয়ের মধ্যে সোহেল ছিলেন সবার বড়। তাঁর ছোট ভাই ইবনে হাসান খান চ্যানেল আইয়ের পরিচালক (বিক্রয় ও বিপণন)। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁর। কর্মব্যস্ততার মধ্যেও গ্রামের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতেন। ভাতিজা মোহাম্মদ নাহিদ হোসেন খানের ভাষ্য, তিনি ছিলেন সহজ-সরল ও বিনয়ী; মানুষের মধ্যে শ্রেণিভেদ করতেন না। চাচাতো ভাই আবদুল আলীম খান সেলিমের কাছেও ছিলেন পরিবারের সবার ঘনিষ্ঠ একজন।

গ্রামের উন্নয়নেও রেখেছেন অবদান। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান জানান, রাজাপুরে একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠায় সোহেল খানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গ্রামের উন্নয়নমূলক কাজেও সহযোগিতা করতেন তিনি।

সন্ধ্যায় রাজাপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সোহেল খানকে দাফন করা হয়। যে গ্রাম ছেড়ে একদিন অভিনয়ের জগতে পা রেখেছিলেন, জীবনের পথ চলা শেষে ফিরলেন সেখানেই। পর্দার ‘বিশু’ আর নতুন করে দর্শককে হাসাবেন না। তবে তাঁর অভিনীত চরিত্রগুলো বেঁচে থাকবে আর রাজাপুরের মাটিতে শায়িত মানুষটি আপনজনদের স্মৃতিতে হয়ে থাকবেন চিরচেনা এক মুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত