Ajker Patrika

ইয়াবাসহ গ্রেপ্তার শিবালয় যুবদল নেতা, দল থেকে বহিষ্কার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ২০: ৫৭
ইয়াবাসহ গ্রেপ্তার শিবালয় যুবদল নেতা, দল থেকে বহিষ্কার
বহিষ্কৃত যুবদল নেতা নাজমুল ইসলাম। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলামকে (৪২) দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নৈতিক স্খলনজনিত অপরাধে সুস্পষ্টভাবে জড়িত থাকার অভিযোগে’ নাজমুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত কোনো নেতা-কর্মীর অপরাধের দায় দল নেবে না।

পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উলাইল ইউনিয়নের দশচিড়া গ্রামের একটি পাকা সড়কে অভিযান চালিয়ে নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁর কাছ থেকে ৩১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় নিবন্ধন নম্বরবিহীন একটি হিরো হাঙ্ক মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ ঘটনায় নাজমুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় মামলা হয়েছে। তিনি দশচিড়া গ্রামের সবুর উদ্দিনের ছেলে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত