Ajker Patrika

২২ নৌকার লড়াই, কালীগঙ্গার বেউথা ঘাটে নৌকাবাইচের আসর

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৮: ৩৩
২২ নৌকার লড়াই, কালীগঙ্গার বেউথা ঘাটে নৌকাবাইচের আসর
কালীগঙ্গার বেউথা ঘাট জমজমাট হয়ে উঠবে নৌকাবাইচ প্রতিযোগিতায়। ছবি: সংগৃহীত

একটা সময় ছিল যখন নৌকাবাইচ মানেই ছিল বিরাট উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন গ্রামের মানুষ হুমড়ি খেয়ে পড়ত নদীর পাড়ে। বিপুল উৎসাহ আর উদ্দীপনা নিয়ে তাঁরা উপভোগ করতেন ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। তবে এখন আর সেদিন নেই। নদীগুলোতে তেমন পানি নেই, মানুষের বিনোদনের ধরনও বদলে গেছে। তবু কেবল ঐতিহ্যকে ধরে রাখতেই কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে বসছে ঐতিহ্যবাহী নৌকাবাইচের আসর।

কালীগঙ্গার বেউথা ঘাট জমজমাট হয়ে উঠবে নৌকাবাইচ প্রতিযোগিতায়। ছবি: সংগৃহীত
কালীগঙ্গার বেউথা ঘাট জমজমাট হয়ে উঠবে নৌকাবাইচ প্রতিযোগিতায়। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়াসহ মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা ২২টি নৌকা ও দুটি কলাগাছের ভেলা অংশ নেবে এ প্রতিযোগিতায়। এরই মধ্যে প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ রৌমারীর ‘মায়ের দোয়া’ খেল্লা নৌকা বেউথা ঘাটে এসে পৌঁছেছে।

‘মায়ের দোয়া’ নৌকার পরিচালক মজিবুর রহমান জানান, গত ৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রাম থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে মানিকগঞ্জের উদ্দেশে যাত্রা করে নৌকাটি। বিভিন্ন নদীপথ পাড়ি দিয়ে তিন দিনে বেউথা ঘাটে পৌঁছায়। ভারতের শাল কাঠ দিয়ে তৈরি নৌকাটি নির্মাণে প্রায় এক বছর সময় ও ছয় লাখ টাকা ব্যয় হয়েছে। এটিই নৌকাটির প্রথম বাইচ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ২২টি নৌকার মধ্যে খেল্লা-গয়ইটা ১০টি, ঘাসি-ছিপা ৫টি, ছান্দি ৪টি ও পানসি ৩টি। এ ছাড়া ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও প্রতিযোগিতায় অংশ নেবে।

নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব মাসুদ পারভেজ জানান, আগামীকাল শনিবার সকাল ১০টায় ঘোষণা মঞ্চ থেকে প্রতিযোগী নৌকার প্রতিনিধিদের হাতে টোকেন দেওয়া হবে। দুপুর ১২টায় শুরু হবে ঘাসি ও খেল্লা নৌকার বাছাইপর্ব। ছান্দি ও পানসি নৌকা সরাসরি মূল পর্বে অংশ নেবে।

প্রতিটি অংশগ্রহণকারী নৌকার জন্য রয়েছে ‘৮ সিএফটি ফ্রিজ’ ও পিতলের কাপ। খেল্লা-গয়ইটা এবং ঘাসি-ছিপা বিভাগে প্রথম পুরস্কার ১০০ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় ১৬ সিএফটি ও তৃতীয় ১১ সিএফটি ফ্রিজ। ছান্দি ও পানসি বিভাগে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে দুটি ইলেকট্রিক বাইক, দুটি ১৬ সিএফটি ও দুটি ১১ সিএফটি ফ্রিজ। বাছাইপর্বের দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী নৌকার জন্যও থাকছে ফ্রিজ।

জেলা বিএনপির আয়োজনে নৌকাবাইচে প্রধান অতিথি থাকবেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি থাকবেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।

নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

কালীগঙ্গার বুকে বৈঠার ছন্দ আর নৌকার গতির লড়াই দেখতে বেউথা ঘাটে বিপুল দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত