Ajker Patrika

সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকায় একটি কবরস্থানসংলগ্ন ঝোপ থেকে এক স্কুলছাত্রীর (১৪) খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দশম শ্রেণির এক ছাত্রকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত কিশোরী সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও নিহত স্কুলছাত্রীর স্বজনদের সূত্রে জানা যায়, ১৫ জুন বিদ্যালয়ের টিফিন চলাকালে একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির ছাত্রের সঙ্গে ওই কিশোরীর আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা নেওয়া হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ উভয় শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়ে স্কুল ছাড়তে বলে।

এরপর ওই কিশোরী বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

আজ বিকেলে চন্দননগর এলাকার একটি ঝোপে কিশোরীর খণ্ডবিখণ্ড মরদেহ ও তার স্কুলব্যাগ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দশম শ্রেণির ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত