
অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ার বন্দিশালায় (গেমঘর) অমানবিক নির্যাতনে মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ ধূয়াসার গ্রামের মো. জহিরুল আকন (২৫) নামের এক যুবক মারা গেছেন।
গতকাল সোমবার (৬ এপ্রিল) রাতে মৃত্যুর খবর পেয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আজ মঙ্গলবার সকাল থেকেই আশপাশের লোকজন ও আত্মীয়স্বজনেরা নিহত যুবকের বাড়িতে ভিড় করছেন। এ ঘটনায় দালালদের শাস্তি ও লাশ দেশে আনার দাবি জানিয়েছেন নিহত যুবকের পরিবার।
নিহত জহিরুল আকন ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধূয়াসার গ্রামের শামসুল হক আকনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার ধলুগ্রামের হানিফ মাতুব্বরের ছেলে জাকির মাতুব্বর ও এই গ্রামের তারেক দাস নামে দুজনকে দালাল অল্প টাকার বিনিময়ে লিবিয়া হয়ে অবৈধভাবে সাগরপথে ইতালি লোক পাঠান। এ কথা জেনে ওই দালালদের প্রলোভনে সাড়া দিয়ে জহিরুল আকন অবৈধ পথে ইতালি যেতে রাজি হন। তাই জহিরুল আকন প্রথমে ২৫ লাখ টাকা দেন ওই দালালদের কাছে। পরে জহিরুলকে ইতালি নেওয়ার কথা বলে প্রায় পাঁচ মাস আগে লিবিয়া নিয়ে যান দালালেরা। তাঁকে লিবিয়া পৌঁছানোর পর নিয়ে যাওয়া হয় অন্ধকার এক বন্দিশালায়।
সেখানে প্রতিনিয়ত নির্যাতন করে ভিডিও কলে জহিরুলের পরিবারকে টাকা পাঠাতে বলতেন লিবিয়ার দালাল ও মাফিয়া চক্রের সদস্যরা। এই পর্যন্ত জহিরুলের পরিবারের কাছ থেকে দফায় দফায় ৪৫ লাখ টাকা নেন দালাল তারেক দাস ও জাকির মাতুব্বর। লাখ লাখ টাকা দেওয়ার পরও জহিরুলকে বাঁচাতে পারেনি পরিবার।
হঠাৎ দালালদের মাধ্যমে গতকাল রাতে খবর আসে জহিরুল মারা গেছেন। এদিকে মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে গেছেন তাঁর স্ত্রী, দুই কন্যা, বাবা-মা, ভাই, আত্মীয়স্বজন ও পাড়াপ্রতিবেশী। তাঁদের দাবি, দালালেরা নির্যাতন করে জহিরুলকে মেরে ফেলেছেন।
নিহত জহিরুলের স্ত্রী সাথী আক্তার বলেন, ‘আমরা দালাল চক্রের হোতা জাকির মাতুব্বরের কাছে প্রথমে ২৫ লাখ টাকা দিয়েছি। পরে লিবিয়ায় নিয়ে গেমঘরে রেখে আমার স্বামীকে অমানবিকভাবে নির্যাতন করা হতো। ভিডিও কলে সেগুলো আমাদের দেখাত। পরে আমরা জাকির ও তারেকের কাছে মোট ৪৫ লাখ টাকা দিয়েছি। এরপরও দালালেরা আমাদের কাছে আরও টাকা চায়। কিন্তু আমরা সেই টাকা দিতে না পারায় নির্যাতন করে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। তাদের নামে মামলা করব। এই ঘটনার বিচার চাই আমরা। তা ছাড়া সরকারের কাছে দাবি জানাই, যাতে আমার স্বামীর লাশ দেশে আনা হয়।’
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, জহিরুল আকন নিহতের ঘটনায় তাঁর পরিবার মামলা দিলে তা নেওয়া হবে। পরে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনাটির কথা আমরা জেনেছি। পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অবৈধভাবে ইতালি যাওয়ার প্রবণতা বন্ধে সবার সচেতন হতে হবে।’

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
১ ঘণ্টা আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৬ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৬ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৬ ঘণ্টা আগে