Ajker Patrika

মাদারীপুরে বিএনপির অস্থায়ী ক্যাম্প ও ৫০ মোটরসাইকেলে অগ্নিসংযোগ, আটক ৯

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে বিএনপির অস্থায়ী ক্যাম্প ও ৫০ মোটরসাইকেলে অগ্নিসংযোগ, আটক ৯
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আজ সকালে টায়ারে আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির একটি অস্থায়ী ক্যাম্প ও প্রায় ৫০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া শিবচর উপজেলার কুতুবপুর এলাকা থেকে ৯ তরুণকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ রোববার (২৯ নভেম্বর) ভোরে এসব ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোরে মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম লিটন চৌধুরীর ব্যানার নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় ধাওয়া দিয়ে ৯ জনকে আটক করা হয়।

পরে পদ্মা সেতুর দক্ষিণ পাশে বিএনপির একটি অস্থায়ী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধশত মোটরসাইকেল পুড়ে যায়। আগুনে পাশের একটি রেস্তোরাঁরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এদিকে লকডাউন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় সকাল থেকে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে তাঁদের অবস্থানের কারণে চলাচলকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে অনেকেই ওই এলাকা থেকে সরে যান।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আজ সকালে টায়ারে আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আজ সকালে টায়ারে আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

অন্যদিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনকে জেলার বিভিন্ন এলাকায় অবস্থান করতে দেখা গেছে।

এ ছাড়া লকডাউনের নামে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, লকডাউনের নামে নিষিদ্ধ আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করছে, তাতে প্রমাণ হয় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাদের এই আন্দোলন দেশের মানুষ মেনে নেবে না। সকাল থেকে রাজপথে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সক্রিয় রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় বিএনপি সর্বাত্মকভাবে মাঠে থাকবে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আন্দোলনের নামে নাশকতা ঠেকাতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, এসআরবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত