Ajker Patrika

আগামী বছরই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 
আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ২১: ৪১
আগামী বছরই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
সানিয়াজান নদীতে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: আজকের পত্রিকা

সব ধরনের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা শেষে আগামী বছরই তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ‘তিস্তা নদী রক্ষা আন্দোলনের’ প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গঠিত কারিগরি কমিটি শুষ্ক মৌসুমে নদীর পানি ধরে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী।

আজ শনিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের গোলমুন্ডা এলাকায় সানিয়াজান নদীতে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত আন্তরিক, যার ফলে ইতিমধ্যে বিভিন্ন প্রক্রিয়া জোরদারে শুরু হয়েছে। তিস্তা অববাহিকায় শুষ্ক মৌসুমে যে তীব্র পানিসংকট তৈরি হয়, তা সমাধানে সরকার গঠিত কারিগরি কমিটির কাছে কার্যকর পরামর্শ চাওয়া হয়েছিল। তারা পানি ধরে রাখার স্বার্থে তিস্তা ব্যারাজের ভাটিতে নতুন আরেকটি ব্যারাজ নির্মাণের সুপারিশ করেছেন। আগামী মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত এক সেমিনারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রকল্পের গতিপ্রকৃতি ও ব্যাপ্তি নিয়ে কথা বলতে গিয়ে ত্রাণমন্ত্রী আরও বলেন, এটি একটি বিশাল ও সংবেদনশীল প্রকল্প। আমরা এমন কোনো পদক্ষেপ নেব না, যাতে জনগণের বিপুল অর্থের অপচয় হয় কিংবা তা অকার্যকর প্রমাণিত হয়। তাই প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা সম্পন্ন করে আগামী বছরই মহাপরিকল্পনার মূল কাজ শুরু করা সম্ভব হবে।

এ সময় চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরায় নির্মাণের জন্য সরকারের বিভিন্ন কার্যক্রম জোরকদমে চলছে বলেও আশ্বস্ত করেন তিনি।

এর আগে সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়িতে জেলার সমতলের প্রথম চা-বাগান ও প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী। পরবর্তী সময়ে দুপুরে পাটগ্রাম থানা ভবনের নতুন প্রশাসনিক ভবন এবং বিকেলে উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ে বন্যা ভাঙন আশ্রয়কেন্দ্র নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দিনব্যাপী এসব উন্নয়নমূলক কর্মসূচিতে ত্রাণমন্ত্রীর সঙ্গে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত