
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে জেঁকে বসেছেন। দীর্ঘদিন একই জায়গায় থাকার সুবাদে ঠিকাদারদের সঙ্গে তাঁদের গড়ে উঠেছে গভীর সখ্যতা। পাশাপাশি একই দপ্তরের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের কাছ থেকে সরাসরি পার্সেন্টেজ বা কমিশন নেওয়ারও অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন থাকা ও অনিয়মের অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাকরিবিধির নীতিমালা অনুযায়ী অন্যত্র বদলির কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া।
খোঁজ নিয়ে জানা গেছে, উপসহকারী প্রকৌশলী সৌরভ কুমার মহন্ত ও মানিক মিয়া ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি, কার্যসহকারী আনোয়ার হোসেন ২০১৩ সালের ১৯ জুন, আহসান হাবীব ২০২৩ সালের ৪ জুন এবং একই পদের গোলাম আজম ২০২৩ সালের ৫ জুন এই দপ্তরে যোগদান করেন। অপর দিকে এই দপ্তরের একাধিক কর্মকর্তা-কর্মচারী অন্যত্র বদলি হলেও তদবির করে আবার তাঁরা পাটগ্রাম উপজেলার দপ্তরে স্বপদে ফিরে এসেছেন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এলজিইডি মাঠপর্যায়ের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি এবং নিরপেক্ষভাবে তদারকির স্বার্থে এই অধিদপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারীকে একই উপজেলায় তিন বছরের বেশি রাখা হয় না। সরকারি চাকরির বিধিমালা অনুসরণ করে প্রকৌশলীদের বদলির আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ। উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারী পদের কর্মচারীদের বদলি নিয়ন্ত্রণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
কিন্তু অজ্ঞাত কারণে পাটগ্রাম উপজেলায় দুজন সহকারী প্রকৌশলী ও তিনজন কার্যসহকারী তিন বছর ধরে (একজন প্রায় ১৩ বছর ধরে) কর্মরত থাকলেও তাঁদের বদলি হয়নি। কাজ পরিদর্শনে গিয়ে ঠিকাদার ও ঠিকাদারের প্রতিনিধির সঙ্গে স্বজনপ্রীতি করে নিম্নমানের কাজ করতে সহায়তা করার অভিযোগ উঠলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা।
সংশ্লিষ্ট সূত্রমতে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জনগুরুত্বপূর্ণ কাজ দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারের প্রকল্পসমূহ বাস্তবায়ন করে থাকে। একই সঙ্গে গ্রামীণ সড়ক উন্নয়ন, মেরামত ও নির্মাণ; সেতু, কালভার্ট ও বক্স কালভার্ট নির্মাণ ও সংস্কার; ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের সংযোগ সড়কের উন্নয়ন; প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ ও সংস্কার; ঘূর্ণিঝড়, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ; উন্নয়ন প্রকল্পের তদারকি, প্রকল্পের নকশা, প্রাক্কলন, দরপত্র ও কাজের মান নিয়ন্ত্রণ; ঠিকাদারদের কাজ তদারকি ও বিল পরিশোধের জন্য কাজের অগ্রগতি যাচাই করে।
উপজেলার একাধিক ঠিকাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান, এসব কাজ বাস্তবায়ন ও বিল উত্তোলনে পাটগ্রাম উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আহমেদ হায়দার জামান সরকারি বরাদ্দ করা অর্থের বিপরীতে পাঁচ শতাংশ হারে উৎকোচ নিয়ে থাকেন। তবে তিনি সরাসরি নিজে এই টাকা নেন না। তাঁর দপ্তরের হিসাব সহকারী মেরিনা আক্তারের মাধ্যমে তিনি টাকা নিয়ে থাকেন বলে দাবি করেন স্থানীয় ঠিকাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এসব অভিযোগের পর স্থানীয় সাংবাদিকেরা পাটগ্রাম এলজিইডি দপ্তরে গিয়ে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে উপজেলায় কী কী উন্নয়নমূলক কাজ চলছে বা হয়েছে, তার তথ্য জানতে চান। কিন্তু পরপর পাঁচ দিন গিয়েও কোনো তথ্য পাননি সাংবাদিকেরা। হিসাব সহকারী ও উপজেলা প্রকৌশলী তথ্য দিতে অস্বীকৃতি জানান। পরে জেলা নির্বাহী প্রকৌশলী কাওছার আলমের কাছে তথ্য চাইলে তিনি তথ্য অধিকার আইনে আবেদন দিতে বলেন।
তবে পরে স্থানীয় ঠিকাদার ও পাটগ্রাম এলজিইডি দপ্তরের হিসাব শাখা সূত্রে জানা যায়, উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) ১৫টি প্রকল্পের কাজে ব্যয় ধরা হয়েছে ৮৪ লাখ টাকা। এখান থেকে উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে দুই লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
মূলত গ্রামীণ এলাকার ছোট আকারের মেরামত বা উন্নয়নমূলক কাজে এ টাকার ব্যয় ধরা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, নামমাত্র টাকায় কৃষি যন্ত্রপাতি ও খেলার সামগ্রী এবং কোথাও টিউবওয়েল স্থাপন দেখিয়ে এলজিইডি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের যোগসাজশে বরাদ্দ করা অর্থ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে।
এ ছাড়া উপজেলার ওই অর্থবছরে বাউরা ইউনিয়নের হাটবাজারে ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি’ (প্রভাতি) প্রকল্পের মাধ্যমে আরসিসি রোডের উন্নয়ন, দুটি বহুমুখী শেড উন্নয়ন, পুরুষ ও মহিলা টয়লেট নির্মাণ, ব্লক মেরামত ইত্যাদি কাজে ১ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এসব কাজ বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের চুক্তিবদ্ধ শ্রমিকদের তিনটি দলের ১০৮ জন সুবিধাভোগী শ্রমিকের কাজ ও মজুরি নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক লেবার কন্ট্রাক্টিং সোসাইটি বা এলসিএস কমিটির একজন সভাপতি বলেন, ‘পরিশ্রম অনুযায়ী মজুরি পাচ্ছি না। আমাদের দৈনিক কাজের দিন বেশি দেখিয়ে টাকা মেরে দিয়েছে। আমরা কিছু বললে আমাদের বাদ দেওয়ার ভয় দেখায়। এ জন্য আমরা কিছু বলতে পারি না।’
উপজেলার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলীয় লোকজন নিয়ে ঠিকাদার ও তাঁদের প্রতিনিধিরা কাজ করে থাকেন। এসব কাজের সঠিক তদারকির অভাবে নিম্নমানের কাজ করে থাকে অধিকাংশ ঠিকাদারি প্রতিষ্ঠান। সাধারণ মানুষ হিসেবে কিছু বলাও যায় না।
এ বিষয়ে উপসহকারী প্রকৌশলী সৌরভ কুমার মহন্ত বলেন, ‘ধরে নিলাম আমরা অনিয়ম করছি, তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে আপনাদের জানানোর কী আছে? সব অভিযোগ ভিত্তিহীন।’
পাটগ্রাম উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার জামান সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কিছুদিনের মধ্যে এখান থেকে চলে যাচ্ছি, যা শুনেছেন সব মিথ্যা।’
টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে এলজিইডি দপ্তরের হিসাব সহকারী মেরিনা আক্তার বলেন, ‘মিথ্যা কথা। আমার মাধ্যমে ইঞ্জিনিয়ার টাকা নেয়, এটা পুরোদমে মিথ্যা কথা। কোন ঠিকাদার বলেছে, আমার সামনে নিয়ে আসেন তো।’

ঢাকার সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন সাভারের বলিয়ারপুর এলাকার
৬ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে দ্বন্দ্বে ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে (২৪) হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর বন্ধু সালাউদ্দিন (৩০) নামের আরও একজন।
১ ঘণ্টা আগে
মাদারীপুরের শিবচরে নিখোঁজের দুই দিন পর সজিব বেপারী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ...
১ ঘণ্টা আগে