
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ‘গাঁজাখোর’ বলার জেরে লিয়াকত আলী লাদেন (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে ঘরবাড়ি ভাঙচুর ও লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।
আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার সাপ্টিবাড়ি বাজারে লাশ নিয়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করেন স্থানীয় বাসিন্দারা।
এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ হামলার ঘটনা ঘটে। এর পরপরই অভিযুক্ত ও তাঁদের আত্মীয়স্বজনের বাড়িঘর ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
নিহত লিয়াকত আলী লাদেন উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুলের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, উপজেলার সারপুকুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছোট ছেলে রাব্বি (১২) সামান্য বিষয় নিয়ে বিতর্কের জেরে লিয়াকত আলী লাদেনকে গাঁজাখোর বলে গালি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে লাদেন রাব্বিকে চড় মারে। বিষয়টি রাব্বি তার পরিবারকে জানালে তার বাবা ও বড় ভাই রকি (১৮) ক্ষিপ্ত হয়ে লাদেনের ওপর আক্রমণের চেষ্টা চালান। যা স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক আপস করে দেন। কিন্তু আপস হলেও ক্ষিপ্ততা কমেনি।

রাত ৮টার দিকে লিয়াকত আলী লাদেন পাশের সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একা বসে ছিল। এ সুযোগে রাব্বির বড় ভাই রকি পেছন দিক দিয়ে লাদেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় বাসিন্দারা লাদেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা অভিযুক্ত রকি ও তাঁর আত্মীয়স্বজনদের সাতটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন।
খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং লাশ মর্গে পাঠায়। আজ বিকেলে লাদেনের লাশ নিয়ে বিচারের দাবিতে সাপ্টিবাড়ি বাজারে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।
খবর পেয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনাস্থলে গিয়ে ন্যায়বিচার ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে এক ঘণ্টা পরে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা।
আদিতমারী থানার ওসি নাজমুল হক বলেন, এ ঘটনায় নিহত কিশোরের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে