Ajker Patrika

কুড়িগ্রামে স্কুল বাস খাদে পড়ে ২ শিশু শিক্ষার্থী আহত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে স্কুল বাস খাদে পড়ে ২ শিশু শিক্ষার্থী আহত
খাদে পড়ে যাওয়া ওহী ইন্টারন্যাশনাল স্কুলের বাস। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রাম শহরের ওহী ইন্টারন্যাশনাল স্কুল নামে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বহনকারী ‘স্কুল বাস’ সড়কের পাশে খাদে পড়ে গেলে দুই শিশু শিক্ষার্থী আহত হয়। আজ বুধবার (১৩ মে) দুপুরে জেলা শহরের পৌর এলাকার গড়ের পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্কুলটির অধ্যক্ষ শেখ মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

‘ওহী ইন্টারন্যাশনাল’ স্কুলটি জেলা শহরের শাপলা চত্বরে বাবর টাওয়ার নামক একটি বহুতল ভবনে অবস্থিত। দুর্ঘটনার সময় বাসটিতে ছয় শিশু শিক্ষার্থী ছিল।

অধ্যক্ষ শেখ মো. শহিদুল ইসলাম জানান,``স্কুল বাসটিতে ছয়জন শিক্ষার্থী ছিল। তাদেরকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার সময় দুর্ঘটনা ঘটে। দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে স্কুলবাসটি খাদে পড়ে উল্টে যায়। এতে দুই শিক্ষার্থী সামান্য আহত হলেও সকলেই নিরাপদ আছে। একজন বাচ্চার পা একটু কেটে গেছে, হাতে সামান্য আঘাত পেয়েছে। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে সবাইকে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।'

তবে স্কুলটির একটি সূত্র জানায়, স্কুল বাসটি যিনি চালাচ্ছিলেন, তিনি আজই নতুন কাজে যোগ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত