কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আসাদুজ্জামান রনি নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে নাগেশ্বরী উপজেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসাদুজ্জামান রনি নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, ২০২৫ সালের ১০ অক্টোবর করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তালিকাভুক্ত আসামি রনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাগেশ্বরী উপজেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান রনিকে আজ বিকেলে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।









