Ajker Patrika

কুড়িগ্রামে বদলি স্থগিতের দেড় মাসেও পুরোনো কর্মস্থলে ফেরেননি ১২ শিক্ষক

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২১: ৪০
কুড়িগ্রামে বদলি স্থগিতের দেড় মাসেও পুরোনো কর্মস্থলে ফেরেননি ১২ শিক্ষক
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তউপজেলা বদলি আদেশ স্থগিত হওয়ার পরও পুরোনো কর্মস্থলে ফেরেননি ১২ জন সহকারী শিক্ষক। দেড় মাসেরও বেশি সময় ধরে তাঁরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন।

আজ বৃহস্পতিবার ওই ১২ জন শিক্ষককে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান কার্যালয়ে ডেকে সতর্ক করার পরও স্কুলে ফেরেননি বলে জানা গেছে। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর বদলির আদেশ জারি করে ‘উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ কমিটি’। এর এক দিন পর নীতিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠায় (৩০ সেপ্টেম্বর) আদেশটি স্থগিত করে আরেকটি পত্র জারি করে কমিটি। ওই কমিটির সভাপতি হলেন ইউএনও, আর সদস্যসচিব হলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সদরের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে বদলির ইচ্ছা পোষণ করে আবেদন করেন ৪৩ শিক্ষক। ২৯ সেপ্টেম্বর আবেদনকারীদের মধ্য থেকে ১২ জন শিক্ষককে বদলির আদেশ জারি করে কমিটি। কিন্তু নথিপত্র ও আদেশ যাচাই করে দেখা গেছে, ১২ শিক্ষকের মধ্যে ৮ শিক্ষককে নীতিমালা লঙ্ঘন করে বদলির আদেশ দেওয়া হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তা স্থগিত করে কমিটি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ১২ শিক্ষক ইউএনওর কার্যালয় থেকে বের হলেও আর স্কুলে যাননি। ইউএনওর নির্দেশ অমান্য করে তাঁরা স্থানীয় এক বিএনপি নেতার কাছে গিয়েছিলেন বলে শুনেছি। সম্ভবত ইউএনওর ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করছেন।

কর্মস্থলে অনুপস্থিতদের একজন রোখসানা পারভীন। তিনি সদর উপজেলার চাকেন্দা খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ছালেহা খাতুন বলেন, রোখসানা স্কুলে আসেন না। গত ১১ মাসেরও বেশি সময় ধরে তিনি স্কুলে অনুপস্থিত।

অনুপস্থিত আরেক শিক্ষক ফারুক হোসেন সদরের ১ নম্বর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান বলেন, বদলির আদেশ স্থগিত হলেও ফারুক হোসেন আর স্কুলে আসেননি। অক্টোবরের ১ তারিখ থেকেই তিনি অনুপস্থিত।

শিক্ষক ফারুক হোসেন বলেন, ‘শুধু আমি কেন, ১২ জনের সবাই পূর্বের বিদ্যালয়ে অনুপস্থিত। আমরা বদলি আদেশ স্থগিতের খবর পেয়েছি, কিন্তু তার আগে বদলিকৃত স্কুলে যোগদান করেছি। এখন কর্তৃপক্ষ লিখিতভাবে আমাদের ফিরে যেতে বললে আমরা ফিরে যাব।’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক ঢাকায় থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে বদলি হওয়া ওই ১২ শিক্ষকের যোগদানপত্র তিনি গ্রহণ করেননি বলে জানা গেছে।

ইউএনও মাহমুদুল হাসান বলেন, ‘আমি মৌখিকভাবে বদলি আদেশ স্থগিত করার পর লিখিত আদেশও জারি করা হয়। এরপরও কেন ওই ১২ শিক্ষক তাঁদের নিজ নিজ স্কুলে ফেরত যাননি, তা জানতে বৃহস্পতিবার তাঁদের ডেকেছিলাম। তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আগামী রোববার তাঁরা নোটিশ পাবেন। জবাব সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পূর্বের বদলির আদেশের অসংগতি দূর করে নতুন আদেশ জারি করতে কমিটির সভার সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত