কুড়িগ্রামে ফুলবাড়ীতে হাজারো ভক্তের পদচারণা ও গানে গানে মুখরিত লালন আখড়া। লালন শাহের ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে গতকাল রোববার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার তালুক শিমুলবাড়ি লালন আখড়ার বাড়িতে চলে এই গানের আসর।
লালন আখড়া প্রাঙ্গণ, মাঠ ও পুকুর পাড় ঘেঁষে গ্রামীণ মেলা বসে। আশপাশের এলাকায়ও হরেক রকম পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। দূর-দুরান্ত থেকে আসা ভক্ত-অনুসারীরা আখড়ার বাড়িতে লালন শাহের বাণী নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করেন। অনেকে লালনের মত ও পথের দীক্ষা নেন। আধ্যাত্মিক গুরু ফকির লালন শাহকে স্মরণ এবং তার দর্শন থেকে সাঁইজির ধামে আসা ভক্তরা ভাবের আদান-প্রদানের মাধ্যমে আত্মশুদ্ধি ও মুক্তির স্বাদ খুঁজেন।
লালন ভক্ত স্থানীয় ছালেক শাহের আয়োজনে ও জেলা প্রশাসন এবং জেলা পরিষদের অর্থায়নে এই মেলা অনুষ্ঠিত হয়। এ উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার লালনভক্তের সমাগম ঘটে।
লালনের ভক্ত-অনুসারীরা জানান, তিরোধান দিবসকে ঘিরে হাজার হাজার ভক্ত ও অনুসারীরা এসেছেন। রাতদিন লালন ফকিরের গানে গানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। রাত ১০টায় বসে মূল আসর। উন্মুক্ত মঞ্চে দূর দুরন্ত থেকে আগত অতিথি এবং বাদকদের উত্তরীয় পড়িয়ে পরিচিতি পর্ব উপস্থাপন করেন কুড়িগ্রাম জেলা লালন একাডেমির সভাপতি ইউসুফ আলমগীর।
দর্শনার্থীরা জানান, লালন মেলায় ভক্ত-অনুসারী ও গুরু-শিষ্যদের আস্তানাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তাদের গাওয়া গান শুনতে জড়ো হচ্ছেন শ্রোতারা। মেলা উপলক্ষে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।










