
কিশোরগঞ্জের বাজিতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য সরবরাহ করা ‘স্কুল ফিডিং’ কর্মসূচিতে পোকা ধরা দুধের প্যাকেট ও নিম্নমানের পণ্য দেওয়ার অভিযোগ উঠেছে। ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা এই দুধ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে। একই ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রতিবেদনে দুধের প্যাকেটে ‘পোকা’ পাওয়ার অভিযোগ উল্লেখ না করায় প্রশ্ন দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১১ থেকে ২২ জুন পর্যন্ত বাজিতপুর উপজেলার ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণ গ্রুপের নরসিংদী ডিপোর মাধ্যমে ইউএইচটি দুধ (আল্ট্রা-হাই টেম্পারেচারে প্রক্রিয়াজাত করা তরল দুধ) সরবরাহ করা হয়। দুধ পৌঁছানোর পর থেকেই হুমায়ুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান দুধের মান নিয়ে প্রশ্ন তোলে।
গতকাল সোমবার ৪ নম্বর হুমায়ুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি-সংক্রান্ত কাজে যান এক অভিভাবক। সেখানে সংরক্ষিত দুধের প্যাকেট দেখে তিনি বিস্মিত হন। ওই অভিভাবকের দাবি, বেশ কিছু প্যাকেটে ধুলাবালু ও ময়লা জমে ছিল এবং কিছু প্যাকেটের গায়ে ১০-১৫টি পোকা ঘোরাফেরা করছিল। পরে তিনি বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানান।
উপজেলার মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেও অনুরূপ অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নষ্ট ও পোকাযুক্ত দুধের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি দ্রুত আলোচনায় আসে।
ক্ষুব্ধ এক অভিভাবক বলেন, তিনি আগে কখনো স্কুলে এসে দুধের প্যাকেট দেখেননি। সেদিন যে অবস্থা দেখেছেন, তাতে তাঁর মনে প্রশ্ন জেগেছে যে শিশুদের কি দীর্ঘদিন ধরে এই পোকায় ধরা, নোংরা দুধ খাওয়ানো হচ্ছে? যে খাবার একজন সুস্থ মানুষ চোখে দেখলে মুখে তুলবে না, তা কোমলমতি শিশুদের দেওয়ার সাহস কর্তৃপক্ষ পায় কীভাবে?
ঘটনার পর সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন পাঠায়। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ পাওয়ার পর নষ্ট দুধ বিতরণ না করে আলাদা রাখতে বলা হয়েছিল এবং সরবরাহকারী প্রতিষ্ঠান কিছু বিদ্যালয়ে নতুন দুধ দিয়ে ক্ষতিপূরণ করেছে।
তবে ওই প্রতিবেদনের কোথাও দুধের প্যাকেটে পোকা পাওয়ার অভিযোগের উল্লেখ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং অভিভাবকদের বক্তব্যে পোকা দেখা যাওয়ার বিষয়টি সামনে এলেও সরকারি প্রতিবেদনে তা অনুল্লেখিত থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঠেছে, অভিযোগটি তদন্ত করা হয়েছে কি না এবং হয়ে থাকলে প্রতিবেদনে তা কেন নেই।
এ বিষয়ে ৪ নম্বর হুমায়ুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার বলেন, তিনি এমন দুধের প্যাকেট দেখে আলাদা করে রেখে দেন। পরে উপজেলা শিক্ষা অফিসে নিয়ে বিষয়টি অবহিত করেন। তিনি আরও বলেন, ‘আমরা অসহায়। কিন্তু শেষ পর্যন্ত ভুক্তভোগী আমরাই।’
বাজিতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘এ বিষয়ে যা বলার প্রতিবেদনে বলা হয়েছে এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’ প্যাকেটে পোকা থাকার বিষয়টি প্রতিবেদনে কেন এড়িয়ে যাওয়া হলো, এই প্রশ্নের জবাব তিনি দেননি।
স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকদের মতে, সরকারি অর্থায়নে পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। তাঁদের দাবি, দুধের প্যাকেটে পোকা পাওয়ার অভিযোগ সত্য না হলে প্রশাসন তা স্পষ্টভাবে জানাক; আর সত্য হলে সরকারি প্রতিবেদনে বিষয়টি অনুল্লেখিত কেন, তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। শিশুদের খাদ্যনিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় ভাগনেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার কথা শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মামা। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দশম অতিরিক্ত আদালতে এই ঘটনা ঘটে...
৬ মিনিট আগে
রাজশাহীতে ভালো উৎপাদনের পরও পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতনে বিপাকে পড়েছেন কৃষকেরা। বর্তমানে প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। অতিরিক্ত সরবরাহ ও সংরক্ষণ সমস্যাকে দরপতনের কারণ বলছেন কৃষক ও ব্যবসায়ীরা।
১৩ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেজ) ’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনব্যাপী বিশেষ সফট স্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে...
১৫ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে পূবালী ব্যাংক উপশাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়...
১৭ মিনিট আগে