
প্রচণ্ড গরম, এর মধ্যে নেই বিদ্যুৎ—এই দুইয়ে মিলে কিশোরগঞ্জের জনজীবন এখন বিপর্যস্ত। টানা তিন দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটছে জেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকদের। টানা ৭২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) রাতে হওয়া কালবৈশাখী জেলার বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুতের লাইনের ওপর গাছ পড়ে ছিঁড়ে গেছে তার, কোথাও কোথাও ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। ফলে তিন দিন ধরে জেলার বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে নিমজ্জিত। ফ্রিজে রাখা পচনশীল খাবার নষ্ট হয়ে যাচ্ছে, দেখা দিয়েছে তীব্র পানির সংকট। চার্জের অভাবে বন্ধ হয়ে গেছে মোবাইল ফোনসহ জরুরি যোগাযোগের মাধ্যমগুলো। সব মিলিয়ে আধুনিক জীবনযাত্রা এখন পুরোপুরি স্থবির।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, পাকুন্দিয়া, কটিয়াদী, করিমগঞ্জ, তাড়াইল, নিকলী, বাজিতপুর, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার গ্রাহকেরা এই সংকটের মুখে পড়েছেন। গ্রাহকেরা বলেন, ‘দিনের বেলা তীব্র গরমে ঘরে থাকা দায়, আর রাতে অন্ধকারের কারণে বাড়ছে চুরি। ঝড়ের অজুহাতে এত দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকা মেনে নেওয়া যায় না।’
সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামের আজিজুল ইসলাম, আব্দুল মালেক, বকুল মিয়া বলেন, ‘আমাদের এলাকায় তিন দিন যাবৎ কোনো বিদ্যুৎ নেই। যে কারণে তীব্র খাবার পানির সংকটে পড়েছি। পাশাপাশি কোরবানির ঈদে বিক্রির জন্য যে গরু লালন-পালন করছি তাতে তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছি। গরুকে গোসল পর্যন্ত দিতে পারছি না। একেকটা গরুর দাম তিন-চার লাখ টাকা। এই সমস্যা থেকে মুক্তি চাই।’
একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ ফায়জুল ইসলাম বলেন, ‘আমার ছেলে এসএসসি পরীক্ষার্থী। বিদ্যুৎ না থাকার কারণে পড়াশোনায় ক্ষতি হচ্ছে।’
তাড়াইল উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আলী, দীন ইসলাম বলেন, ‘লোডশেডিংয়ের কারণে আমাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে।’
ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের জয়সিদ্ধি বাজারের ব্যবসায়ী সানি আহমেদ বলেন, ‘আমার কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা। বিদ্যুৎ না থাকায় ব্যবসা চাঙে উঠেছে।’
সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের অটোরিকশাচালক হান্নান মিয়া বলেন, ‘অটোরিকশা চালিয়ে সংসার চালাই। তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় অটোরিকশা চার্জ দিতে পারছি না। যে কারণে গাড়ি বাসায় পড়ে আছে। ইনকাম নেই। ধারদেনা করে সংসার চালাচ্ছি।’
সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ নেই তিন দিন ধরে। মোবাইল বন্ধ। যে কারণে আত্মীয়স্বজন মারা গেলেও কাউকে জানানো সম্ভব না।’
এ বিষয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আতিকুজ্জামান চৌধুরী বলেন, ‘পয়লা বৈশাখের রাতে হওয়া ঝড়ে লাইনের ওপর গাছপালা পড়ে তার ছিঁড়ে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। এমনকি গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায়ও ঝড়ে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে মেইনটেন্যান্স (সংস্কারকাজ) পুরোদমে চলছে এবং আজকের মধ্যেই সব এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে।’

রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক কারবারিদের তালিকার দুই নম্বরে নাম থাকা জাহাঙ্গীর আলম হেরোইন ও অস্ত্রসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। সেই জাহাঙ্গীর গত মঙ্গলবার অংশ নেন গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী কমিউনিটি পুলিশিং সভায়। এতে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা।
২৪ মিনিট আগে
রাজধানীর আদাবরে ফুটবল খেলা দেখার সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবুল বাশার বাদশা নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি ছিলেন। এ ঘটনায় একই কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নামে আরও একজন নেতা...
১ ঘণ্টা আগে
বান্দরবানের সাত উপজেলায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা এখন গভীর সংকটের মুখে। জেলার ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭৪টিতে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক দায়িত্বের চাপ বাড়ায় শ্রেণিকক্ষে পাঠদানে সময়...
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে বাসুদেবপুর গ্রাম। গ্রামের বাড়িগুলোর আশপাশে থাকা সামান্যতম ভিটেমাটি অনাবাদি নেই। গ্রামের মাঝ দিয়ে যাওয়া রাস্তার দুধারে ফুল, ফল, মসলা ও বনজ বৃক্ষের চারা চোখে পড়ে। সেই সঙ্গে চোখে পড়ে, নার্সারির নামসংবলিত সাইনবোর্ড। নার্সারিগুলোয় মানুষের ব্যস্ততার দৃশ্যও চোখ এড়ায় না।
২ ঘণ্টা আগে