
আধুনিক কৃষিপ্রযুক্তির বিস্তার ও গবেষণার জন্য কিশোরগঞ্জের হোসেনপুর ও করিমগঞ্জ উপজেলায় রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) দুটি সরেজমিন গবেষণাকেন্দ্র। অফিস দুটিতে কর্মকর্তা-কর্মচারী বলতে রয়েছেন একজন করে বৈজ্ঞানিক সহকারী। কিন্তু কেন্দ্র দুটিতে কখনই পা পড়ে না কারও। তাই খোলা হয় না তালা। উপজেলা দুটির কৃষকেরাও জানেন না এই অফিসের কথা।
খোঁজ নিয়ে জানা গেছে, এই দুই কর্মকর্তার দানাশস্য, কন্দাল, ডাল, তৈলবীজ, সবজি, ফল, মসলা, ফুল ইত্যাদির উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন বিষয়ে গবেষণা করার কথা। সেই সঙ্গে তাঁরা মৃত্তিকা এবং শস্য ব্যবস্থাপনা, রোগবালাই এবং পোকামাকড় ব্যবস্থাপনা, পানি এবং সেচ ব্যবস্থাপনা, কৃষি যন্ত্রপাতির উন্নয়ন, খামার পদ্ধতির উন্নয়ন, শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন এবং আর্থসামাজিক সংশ্লিষ্ট উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন এবং পরিমাণ নির্ধারণ বিষয়ে গবেষণা করবেন। কিন্তু হোসেনপুর ও করিমগঞ্জ উপজেলার কেন্দ্র দুটিতে কোনো দিনই বসতে দেখা যায়নি কাউকে।
করিমগঞ্জ উপজেলা অফিস ভবনের একটি ফ্ল্যাটের ভাড়াটে বাবুল মিয়া বলেন, ‘আমি এই বিল্ডিংয়ে চার-পাঁচ বছর ধরে থাকি। কৃষি অফিসের একটা সাইনবোর্ড দেখছি। কিন্তু এটার ভেতর কী হয়, তা জানি না। কাউকে আসতে বা ঢুকতেও দেখি না। সব সময় তালা মারা থাকে।’
একই চিত্র হোসেনপুর উপজেলায়। সেখানকার বাসিন্দা আলাল পাঠান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘খালি সাইনবোর্ডই দেহি, কোনো অফিসার-টফিসার কিচ্ছু আহে না। কার অফিস, এইডার ভেতরে কী করে না করে—এসব আমরা কেউ কইতাম ফারি না। প্রায় এক বছর ধইরা কেউ আয়ে না।’
এদিকে, গবেষণার জন্য অফিস দুটোতে প্রতিবছর বেশ কিছু বরাদ্দও দেওয়া হয়। কিন্তু সেই বরাদ্দ কোথায় কীভাবে খরচ হয়, তাও বলতে পারেন না কেউ।
হোসেনপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত বৈজ্ঞানিক সহকারী আবদুল কাইয়ুম বলেন, ‘বরাদ্দের বিষয় অফিস জানে। আমাকে বিঘাপ্রতি ১ হাজার টাকা দেয়, আমি তা কৃষককে দিয়ে দিই।’
অন্যদিকে করিমগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত বৈজ্ঞানিক সহকারী মো. সিরাজুল ইসলাম অফিসে না বসার অজুহাত দিয়ে বলেন, ‘প্রতিদিন ফিল্ডে কাজ করতে গিয়ে অফিসে আর ঢোকা হয় না। যখন ১০ দিন চলে যায়, তখন স্যার বলেন—হাজিরা খাতায় স্বাক্ষর করে যান।’
করিমগঞ্জের কৃষক আবু নাঈম বলেন, ‘করিমগঞ্জে আমাদের কৃষি গবেষণার উপশাখা আছে—এমন কথা এই প্রথম শুনলাম। তারা কখনো আইসা বলেও নাই।’
সাইনবোর্ডের বিষয়ে হোসেনপুরের কৃষক নজরুল বলেন, ‘কর্মকর্তা বিভিন্ন সময় সাইনবোর্ডগুলা লইয়া মাঠে কৃষকদের সঙ্গে ছবি তুলছে। ছবি তোলা শেষ হওয়ার পরে সাইনবোর্ডগুলো আবার আমারে বাড়িতে পাঠাইয়া দিছে।’
তবে বৈজ্ঞানিক সহকারী আবদুল কাইয়ুম এই অভিযোগ অস্বীকার করে বলেন, অফিসের লেবার না থাকায় এবং সন্ধ্যা হয়ে যাওয়ায় সাইনবোর্ডগুলো কৃষকের বাড়িতে রাখা হয়েছিল।
জানতে চাইলে কিশোরগঞ্জ গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর না থাকার বিষয়টি বৈজ্ঞানিক সহকারীরা আমাকে জানিয়েছেন। অডিট (নিরীক্ষা) হলে এর জবাব দেওয়া কঠিন হবে।’ তবে কর্মস্থলে সম্পূর্ণ অনুপস্থিত থেকে সরকারি কোষাগার থেকে বেতন উত্তোলনের কোনো সুযোগ নেই বলে দাবি করেন তিনি। একই সঙ্গে মাঠপর্যায়ের এই গুরুতর অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা।

লক্ষ্মীপুরের রামগতিতে মারিয়া আক্তার মীম (১৬) নামের এক গৃহবধূর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মামলা গ্রহণে পুলিশের গড়িমসির অভিযোগ তুলে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
৫ মিনিট আগে
নোয়াখালীর চিহ্নিত মাদক কারবারি ওমর ফারুক ওরফে ‘বুলেট ফারুক’কে ৯ হাজার ৩১০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর কাছ থেকে মাদক কারবারের নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
৭ মিনিট আগে
ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ২০ হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প নিয়ে বিপাকে পড়েছে সরকার। এই প্রকল্পের অধীনে এমন কিছু উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেগুলোর আরও ২০ বছর পর কাজে আসবে। তত দিনে এসব উপকেন্দ্র আয়ুষ্কাল হারাবে।
১ ঘণ্টা আগে
দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের চার জেলা কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহীর বিস্তীর্ণ পদ্মার চরাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে এক ডজনের বেশি সন্ত্রাসী বাহিনী। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, লুটতরাজ ও জমি দখলকে কেন্দ্র করে এসব গোষ্ঠীর মধ্যে একের পর এক ঘটছে প্রাণহানির ঘটনা। এসব সংঘাত ও অপরাধ কর্মকাণ্ডে....
১ ঘণ্টা আগে