খুলনায় খুশি হত্যা মামলায় ‘বি কোম্পানির’ সদস্য রসুল গাজী গ্রেপ্তার

খুলনার লবণচরায় চাঞ্চল্যকর খুশি আক্তার হত্যা মামলার অন্যতম আসামি ও শীর্ষ সন্ত্রাসী ‘বি কোম্পানির’ সক্রিয় সদস্য রসুল গাজীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বটিয়াঘাটা উপজেলার জাবুসা ইউনিয়নের চক্রাখালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রসুল গাজী রূপসা উপজেলার বাগমারা এলাকার গাজীবাড়ির আজাহার গাজীর ছেলে। তিনি চিহ্নিত মাদক কারবারি বলেও জানিয়েছে এসআরবি।
এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, খুশি হত্যা মামলার তদন্তে রসুল গাজীকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে চক্রাখালী বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর লবণচরা থানার জিন্নাপাড়া মেইন রোডে পূর্বশত্রুতার জেরে খুশি আক্তার (২৪) হত্যার ঘটনা ঘটে। ওই দিন রসুল গাজীসহ কয়েকজন খুশির স্বামীর নাম উল্লেখ করে গালিগালাজ করেন। খুশি এর প্রতিবাদ করলে তাঁরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। পরে খুশির চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত খুশির বোন বাদী হয়ে লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করেন।









