গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে খুলনায় পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদ আলীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিক্ষুব্ধ জনতা। আজ রোববার বেলা ১টার দিকে নগরীর কেসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের মৃত আকরাম আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আবেদ আলী কেসিসি মার্কেট এলাকায় অবস্থান করছিলেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে ঘিরে ধরে মারধর করেন। পরে তাঁকে সদর থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) লাভলী পাল বলেন, দুপুরে প্রায় ১০০ থেকে ১৫০ জন তাঁকে ধরে থানায় নিয়ে আসেন। পরে তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।









