
যশোরের অভয়নগরে গত বছরের সেপ্টেম্বরে গরুর খাবার সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন গৃহবধূ সবিতা রাণী দে (৫০)। ৩৩ ঘণ্টা পর প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রায় পাঁচ মাস পর পুলিশ ভিসেরা প্রতিবেদন হাতে পেলেও বিষয়টি সম্প্রতি জানাজানি হয়। প্রতিবেদনে ওই গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের দেবপাড়া এলাকা থেকে গৃহবধূ সবিতা রাণী দের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তা সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। সম্প্রতি সেই ভিসেরার প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ।
মরদেহ উদ্ধারের এক দিন পর গত ২৫ সেপ্টেম্বর গৃহবধূ সবিতা রাণী দের স্বামী মিলন কুমার দে বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। মামলায় প্রতিবেশী ভাটপাড়া গ্রামের দেবপাড়া এলাকার নিয়ামুল শেখ (২৬), তাঁর বাবা রমজান শেখ (৪৯) ও চাচা ইউনুস শেখের (৪১) নাম উল্লেখ করেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তারও করেছে। তিনজনের মধ্যে নিয়ামুল শেখ কারাগারে আছেন। অন্য দুজন জামিনে মুক্তি পেয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর সকালে গরুর খাবার সংগ্রহ করতে বাড়ির পাশে বাঁশবাগানে যান ওই গৃহবধূ। এরপর তিনি বাড়ি ফিরে না এলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করেন। নিখোঁজ হওয়ার প্রায় ৩৩ ঘণ্টা পর বাড়ির পাশে বাঁশবাগানসংলগ্ন নিয়ামুল শেখের শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, সনাতনী ওই গৃহবধূর স্বামী শিঙাড়া, পুরি ও চায়ের দোকানি। স্থানীয় ভাটপাড়া বাজারে তাঁর দোকান রয়েছে। তাঁদের দুই মেয়ের বিয়ে হয়েছে। বাড়িতে স্বামী-স্ত্রী দুজন থাকতেন।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই গৃহবধূর মরদেহের ভিসেরা প্রতিবেদন কিছু দিন আগে পাওয়া গেছে। প্রতিবেদনে তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। তদন্ত শেষে মামলার অভিযোগপত্র আদালতে পাঠানো হবে।

চট্টগ্রামে মৎস্যজীবীদের পুনর্বাসনের জন্য সরকারের দেওয়া ফিশিং বোট, নগদ টাকাসহ অন্যান্য সরাঞ্জাম সমিতির নামে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের ঘটনায় দুদকের পৃথক চার মামলায় চারজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৫ মিনিট আগে
সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ৫টিতে এবারের ভোটের লড়াই দলগুলোর মধ্যে যতটা, তার চেয়ে বেশি আলোচনায় বিএনপির ভেতরের টানাপোড়েন। বিএনপির দলীয় প্রার্থীর বিপরীতে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা শক্ত অবস্থান গড়ে তোলায় একদিকে ভোটব্যাংক ভাগ হচ্ছে, অন্যদিকে পাল্টে যাচ্ছে জয়ের হিসাব-নিকাশ।
২৪ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ তুলে বরগুনা-২ আসনের জামায়াত ইসলাম ও বিএনপির প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।
২৮ মিনিট আগে
ময়মনসিংহ সদর উপজেলার ফুলবাড়িয়া রোডে দাপুনিয়া বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক মো.জসিম মারা গেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ ফুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে