
বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের অদূরে ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুরে সান্তাহার ও ছাতিয়ানগ্রাম স্টেশনের মাঝামাঝি বাগবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার ফলে ঢাকা-ঈশ্বরদী-দিনাজপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার ফলে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন রয়েছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেসটি দুপুর ২টার দিকে সান্তাহার জংশন স্টেশনে বিরতি দেয়। বিরতি শেষে ট্রেনটি গন্তব্যস্থল চিলাহাটির উদ্দেশে রওনা হওয়ার কিছু সময় পরই দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে একটি ব্রিজের সামনে পৌঁছালে বিকট শব্দে বগিগুলো লাইনচ্যুত হতে শুরু করে।
সান্তাহার রেলওয়ে স্টেশনের জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলে রেললাইনের সংস্কার কাজ চলছিল। নিয়ম অনুযায়ী সেখানে রেলকর্মীদের পক্ষ থেকে সতর্কতা সংকেত হিসেবে ‘লাল পতাকা’ টাঙানো ছিল। তবে ট্রেনের ইঞ্জিন ও ছাদে অতিরিক্ত যাত্রী থাকায় চালকের পক্ষে সেই সংকেত দেখা সম্ভব হয়নি বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ফলে চালক ট্রেনটি না থামিয়ে চালিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় ট্রেনটিতে নারী ও শিশুসহ সহস্রাধিক যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বগিগুলো লাইনচ্যুত হওয়ার সময় ঝাঁকুনিতে ট্রেনের ছাদে থাকা শতাধিক যাত্রী নিচে পড়ে যান। এতে অনেকেই গুরুতর আহত হয়েছেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানিয়েছেন, বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে তাঁরা খবর পেয়েছেন। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই জানালা দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পাকশী রেল ডিভিশনের ঈশ্বরদী লোকোসেড এবং পার্বতীপুর থেকে দুটি বিশেষ উদ্ধারকারী ক্রেনবাহী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
তিনি আরও জানান, ইতিমধ্যে পাকশী থেকে আমার নেতৃত্বে বিভাগীয় রেল কর্মকর্তাদের একটি উচ্চপর্যায়ের দল ঘটনাস্থলের পথে রয়েছেন। উদ্ধারকারী ট্রেন দুটি দুই দিক থেকে কাজ শুরু করলে দ্রুততম সময়ের মধ্যে লাইন সচল করা সম্ভব হবে।
তবে ৯টি বগি লাইনচ্যুত হওয়ায় এবং লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় রেল চলাচল স্বাভাবিক হতে বুধবার রাত বা বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে দুর্ঘটনাকবলিত এলাকায় হাজার হাজার যাত্রী খোলা আকাশের নিচে আটকা পড়ে আছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সান্তাহার জংশনসহ আশেপাশের স্টেশনগুলোতেও ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে আছে। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।
তথ্য দিয়েছেন: বগুড়া, আদমদীঘি ও ঈশ্বরদী প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে আল-আরাফাহ্ নামের একটি বাস। আজ বুধবার (১৮ মার্চ) ভোরে উপজেলার সাজিরপাড় এলাকায় কচুয়া-সাচার-গৌরীপুর সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। তবে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
৭ মিনিট আগে
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। ঈদকে ঘিরে গাড়ি ও যাত্রীর বাড়তি চাপ থাকলেও ফাঁকা রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। আজ বুধবার (১৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে এমন চিত্র লক্ষ করা গেছে।
১৩ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ১৪ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার তরুণ-কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁদের আদালতে হাজির করা হলে সবাই ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। শৈশবে বাবা-মাকে হারানো এই কিশোরী সৎমায়ের নির্যাতন...
১৭ মিনিট আগে
ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ ওঠা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হককে বদলি করা হয়েছে। আজ বুধবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
২০ মিনিট আগে