Ajker Patrika

শিল্প ও উৎপাদন প্রকৌশলে কেন পড়বেন

শিক্ষা ডেস্ক
শিল্প ও উৎপাদন প্রকৌশলে কেন পড়বেন
ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্বের প্রযুক্তি ও শিল্পায়নের অভাবনীয় বিবর্তন আমাদের এক নতুন যুগে দাঁড় করিয়েছে। আজকের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে কেবল পণ্য উৎপাদনই যথেষ্ট নয়; প্রয়োজন সর্বোচ্চ দক্ষতা, উৎপাদন খরচ হ্রাস এবং বিশ্বমানের গুণগত নিশ্চয়তা। চতুর্থ শিল্পবিপ্লবের এই জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় জাদুর কাঠির মতো কাজ করছে প্রকৌশলবিদ্যার আধুনিক শাখা ‘শিল্প ও উৎপাদন প্রকৌশল’। এটি এমন এক বিদ্যা, যা সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে শিল্পোৎপাদনকে নিয়ে যায় অনন্য উচ্চতায়।

আইপিই কী

শিল্প ও উৎপাদন প্রকৌশল এমন একটি বিশেষায়িত প্রকৌশল শাখা, যেখানে শিল্পপ্রতিষ্ঠান ও উৎপাদন ব্যবস্থাকে পরিকল্পিতভাবে পরিচালনা ও উন্নত করার সূক্ষ্ম কৌশল শেখানো হয়। এখানে মূলত মানুষ, মেশিন, উপকরণ, তথ্য এবং প্রযুক্তিকে অত্যন্ত কার্যকরভাবে সমন্বয় করে একটি দক্ষ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়। এ বিভাগটি শেখায় কীভাবে সীমিত সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা যায়।

পড়াশোনার বিষয়বস্তু

এ বিষয়ে শিক্ষার্থীরা প্রকৌশল জ্ঞান ও আধুনিক ব্যবস্থাপনা দক্ষতার একটি সমন্বিত শিক্ষা লাভ করে। এর পাঠ্যসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো উৎপাদন প্রক্রিয়া ও পণ্য নকশা, অপারেশন গবেষণা, প্রকৌশল অর্থনীতি ও পরিসংখ্যান, শিল্প ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা এবং গুণগত মান নিয়ন্ত্রণ। এ ছাড়া আধুনিক গ্লোবাল শিল্প ব্যবস্থাপনার বিভিন্ন জনপ্রিয় ধারণা যেমন: লিন ম্যানুফ্যাকচারিং, সিক্স সিগমা এবং সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা সম্পর্কেও এখানে বিস্তারিত তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়।

বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা

বর্তমান সময়কে বলা হয় চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। এ সময়ে বিশ্বজুড়ে শিল্প খাতে দ্রুত প্রবেশ করছে স্বয়ংক্রিয় প্রযুক্তি, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা। শিল্প ও উৎপাদন প্রকৌশলীরা এসব আধুনিক প্রযুক্তিকে প্রথাগত উৎপাদন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে ‘স্মার্ট ম্যানুফ্যাকচারিং’ ব্যবস্থা গড়ে তুলতে কারিগরি নেতৃত্ব দেন।

বর্তমান সময়ে ন্যানোপ্রযুক্তি শিল্প জগতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ন্যানোকণা ব্যবহার করে উন্নতমানের হালকা, শক্তিশালী ও টেকসই উপকরণ তৈরি করা সম্ভব হচ্ছে, যা চিকিৎসা, ইলেকট্রনিকস, শক্তি উৎপাদন ও মহাকাশ প্রযুক্তিসহ বিভিন্ন সংবেদনশীল ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। শিল্প ও উৎপাদন প্রকৌশলীরা এই উন্নত ন্যানো ম্যাটেরিয়াল উৎপাদনের সূক্ষ্ম পদ্ধতি ও বৃহৎ পরিসরে এর উৎপাদন ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

আইপিই পড়ার সুযোগ

বর্তমানে দেশের জব মার্কেটে এই বিষয়ের ব্যাপক চাহিদা থাকলেও সেই তুলনায় উচ্চশিক্ষার সুযোগ এখনো সীমিত। দেশে বর্তমানে যে প্রতিষ্ঠানগুলোতে শিল্প ও উৎপাদন প্রকৌশল পড়ার সুযোগ আছে, সেগুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ

এই বিভাগের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিস্তৃত বৃত্তি ও গবেষণার সুযোগ রয়েছে। বিশেষ করে শিল্প প্রকৌশল, প্রকৌশল ব্যবস্থাপনা, অপারেশন গবেষণা ও উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপসহ উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব।

কর্মক্ষেত্র ও ক্যারিয়ার

শিল্প ও উৎপাদন প্রকৌশলে গ্র্যাজুয়েটদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত ব্যাপক। এই বিভাগের শিক্ষার্থীরা বহুজাতিক উৎপাদনশিল্প, ওষুধশিল্প, পোশাক ও বস্ত্রশিল্প, ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, ইস্পাত ও সিমেন্টশিল্প, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা এবং লজিস্টিকস খাতের মতো জায়গায় ক্যারিয়ার গড়তে পারেন।

মো. হাসিবুর রহমান শ্রাবণ, আইপিই বিভাগ, যবিপ্রবি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত