
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার শতবর্ষী রাজবাজারের বাজার শেড অবৈধ দখলমুক্ত করার দাবিতে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ব্যবসায়ীরা অংশ নেন। পরে বাজার শেডটি দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন ব্যবসায়ী প্রতিনিধিরা।
মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, প্রয়াত মংরাজা মংপ্রুসাইন বাহাদুরের রাজপ্রাসাদের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠিত রাজবাজারটি শতবর্ষী। একসময় বাজারের মাঝখানে ছিল খোলা মাঠ। মাঠের উত্তর পাশে ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাজারের ওই খোলা জায়গায় শিক্ষার্থীরা খেলাধুলা করত।
১৯৮৪ সালে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানপাটের পাশাপাশি বিদ্যালয়টিও পুড়ে যায়। পরে শিক্ষার্থীদের পড়ালেখার কথা বিবেচনা করে রাজা মংপ্রুসাইন বিদ্যালয়টি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের পাশে একটি বড় মাঠের দক্ষিণ অংশে স্থানান্তর করেন। এরপর বাজার ব্যবসায়ীরা আগুনে পুড়ে যাওয়া বিদ্যালয় ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে সেখানে একটি বাজার শেড নির্মাণ করেন। এতে খুচরা ব্যবসায়ীদের বেচাকেনার সুযোগ তৈরি হয়।
ব্যবসায়ীদের দাবি, পরবর্তী সময়ে বাজারের খোলা জায়গাগুলোতে দোকানের প্লট তৈরি করে ব্যক্তি পর্যায়ে ইজারা দেওয়ার প্রথা চালু হয়। এতে খুচরা ব্যবসায়ীদের ব্যবসার জায়গা সংকুচিত হয়ে আসে। একপর্যায়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১০৪ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থের পুরোনো স্কুল ভবনের জায়গায় তৈরি বাজার শেডটিই ক্ষুদ্র ব্যবসায়ীদের অন্যতম আশ্রয়স্থল হয়ে ওঠে।
তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে ২০১৮-১৯ সালে শেডটি কয়েকজন রাজনৈতিক ব্যক্তির কাছে ইজারা দেওয়া হয়। পরে সেখানে পাঁচতলা একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করা হয়। ব্যবসায়ীদের দাবি, উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মো. জয়নাল আবেদীনসহ অন্তত ১২ জন আওয়ামী লীগ নেতা ওই ভবনের সঙ্গে যুক্ত। বর্তমানে সেখানে ব্যাংক, বিমাসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।
ব্যবসায়ীরা বলেন, পুরোনো শেডে ব্যবসা করা প্রায় অর্ধশত ক্ষুদ্র ব্যবসায়ী জায়গা হারিয়ে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। তাঁদের অনেকে এখন সড়কের পাশে পসরা সাজিয়ে জীবিকা নির্বাহ করছেন।
পুরোনো শেডের খুচরা মুরগি বিক্রেতা আলী নেওয়াজ এবং জামা-কাপড় বিক্রেতা মাওলানা আবদুর রহমানসহ কয়েকজন মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা পুরোনো বাজার শেডটি পুনরুদ্ধার এবং সেখানে নির্মিত বহুতল ভবন সরিয়ে পুনরায় বাজার শেড নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে ব্যবসায়ী মাসুদ উজ্জামান, বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সহসভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজুসহ আরও অনেকে বক্তব্য দেন। তাঁরা বাজার শেড দখলমুক্ত করে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানান।
এ সময় আবুল আব্বাস নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তাঁর প্রয়াত বাবা ও সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হাজি আবু তাহেরের ওয়ারিশি সম্পত্তি উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মো. জয়নাল আবেদীন ক্ষমতার প্রভাব খাটিয়ে দখল করেছেন।
মহামুনি জামে মসজিদের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জয়নাল মেম্বারও জয়নাল আবেদীনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, মহামুনি বাসস্ট্যান্ডে বহুতল ভবন সম্প্রসারণের নামে মসজিদের জায়গা দখল করা হয়েছে।
এদিকে দোকানপাট বন্ধ রেখে প্রায় দুই ঘণ্টা মানববন্ধন চলায় এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, সদস্যসচিব মীর হোসেন, সিনিয়র সহসভাপতি আরব আলীসহ দলটির নেতারা মানববন্ধনে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন।
পরে ব্যবসায়ী প্রতিনিধিরা বাজার শেড দখলমুক্ত করার দাবিতে ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়ার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগটি দেখে ইউএনও প্রয়োজনীয় সংশোধন করে জেলা প্রশাসক অথবা বাজার ফান্ড প্রশাসক বরাবর পুনরায় জমা দেওয়ার পরামর্শ দেন।

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। ছয়তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ১০ মাসে বিষপান, গলায় ফাঁসসহ বিভিন্ন উপায়ে আত্মহত্যার চেষ্টা করে অন্তত ২৫৪ জন চিকিৎসা নিয়েছেন। একই সময়ে আত্মহত্যা করেছেন আরও ৩১ জন।
১ ঘণ্টা আগে