
আরও পাঁচ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এসব কমিটিতেও সভাপতির পদ পায়নি বিরোধী দল। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে এসব কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটির নাম প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়। নতুন গঠিত পাঁচ কমিটির সভাপতি পদে বিরোধী দল থেকে কাউকে রাখা হয়নি।
নবগঠিত কমিটিগুলো হলো সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।
এর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. শাহজাহানকে। বিএনপির এই এমপি বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত ও প্রস্তাব-সম্পর্কিত কমিটিরও সভাপতি। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৫ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি এ কে এম ফজলুল হক মিলনকে।
রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে খুলনা-৫ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি মোহাম্মদ আলী আসগার লবিকে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি এস এম রফিকুল ইসলামকে।
জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত ও ১১টি বিষয়ভিত্তিক। এর মধ্যে ৪৫টি কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে ৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি ও অন্য নয়টি বিষয়ভিত্তিক।
এদিকে পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি থেকে এ কে এম ফজলুল হক মিলন ও মুন্সী রফিকুল আলমের পরিবর্তে মাজহারুল ইসলাম ও ফরিদুল কবীর তালুকদারকে নেওয়া হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদে জামায়াতের সদস্য মাছুম মোস্তফার পরিবর্তে দলটির আরও এক সদস্য কামরুল হাসানকে নেওয়া হয়েছে।

সংসদীয় কমিটিতে প্রতিমন্ত্রী ও হুইপদের অবস্থান নিয়ে উষ্মা প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, কমিটির সভাপতি হবেন বেসরকারি সদস্য এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে যাঁরা আছেন, তাঁরা সদস্য হিসেবে থাকবেন। বিষয়টি নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকতে চিফ হুইপকে অনুরোধ করেন স্পিকার।
১ ঘণ্টা আগে
বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট এবং ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
২ ঘণ্টা আগে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিলটি আরও যাচাই-বাছাইয়ের দাবি জানিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে এসআরবি বিলে ৮টি বিষয়ে ভিন্নমত দিয়েছেন বিরোধী দলের সদস্যরা।
২ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের প্রতি নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা এবং জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে