
জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে খাগড়াছড়ি দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। আজ সোমবার উপজেলার পুকুরঘাট বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দীঘিনালা ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সজীব চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের দীঘিনালা ইউনিটের নেতা চন্দন চাকমা। তিনি বলেন, ‘২০১১ সালের আজকের এই দিনে হাসিনা সরকার পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল পাসের মাধ্যমে পাহাড় ও সমতলের জাতিসত্তাগুলোর ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে।
ওই সরকারের পতন হলেও বাঙালি জাতীয়তা এখনো সংবিধানে বহাল রয়েছে। তাই নিজেদের জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।’
এ ছাড়া পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা ও স্ব-স্ব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে খাগড়াছড়ির পানছড়িতেও চারটি সংগঠনের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ যৌথভাবে এই গণসমাবেশের আয়োজন করে।
সমাবেশের আগে লোগাং করল্যাছড়ি স্কুলমাঠ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি সীমান্ত সড়ক হয়ে বাবুড়াপাড়া বাজার ঘুরে সীমান্ত সড়ক ও দুধুকছড়ায় শেষ হয়।
গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক বরুন চাকমার সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিতা চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইউপিডিএফ সংগঠক সুবোধ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের অর্থ সম্পাদক মানিক পুদি চাকমা ও পিসিপি খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মিঠুন চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, ‘৭২-এর সংবিধানেও আমাদের ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দেওয়া হয়েছিল। এমনকি শেখ মুজিবুর রহমান আমাদের বাঙালি হয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন। তারই অংশ হিসেবে ২০১১ সালে হাসিনা সরকার পুনরায় বাঙালি জাতীয়তাবাদ সংবিধানে অন্তর্ভুক্ত করেছে।’ এই দেশের শাসকগোষ্ঠী যুগ যুগ ধরে পাহাড়ি জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।
সভাপতির বক্তব্যে যুবনেতা বরুন চাকমা বলেন, ‘আমরা পাহাড়িরা রাষ্ট্র কর্তৃক জাতিগত বৈষম্য ও নিপীড়নের শিকার। এই রাষ্ট্র স্বাধীনতার ৫৪ বছরেও আমাদের জাতিগত স্বীকৃতি দেয়নি।’

ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৭ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে