ইরান যুদ্ধ ‘শেষ’: ট্রাম্প

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর চাপে ইরানের বিরুদ্ধে যুদ্ধের অবসানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, সামরিক দিক থেকে ইরান যুদ্ধ ‘কার্যত শেষ’ হয়েছে। তবে আপাতত দেশটির ওপর নৌ অবরোধ অব্যাহত রাখবে ওয়াশিংটন। একই সঙ্গে প্রয়োজন হলে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর এক আকস্মিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘সামরিকভাবে ইরান (যুদ্ধ) কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি। মূলত ইরানের প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই এমনটা করা হচ্ছে।’ তিনি জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ আপাতত বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। এর অর্থ, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে। পাশাপাশি স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধে ঘোষিত ‘টাস্কফোর্স আয়রন গেট’-এর কার্যক্রমও চলবে।
ট্রাম্প বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় নৌ অবরোধ এটি। সম্ভবত বিশ্বের ইতিহাসেও এমন অবরোধ আর হয়নি।’ তবে সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনাও নাকচ করেননি তিনি। ট্রাম্প বলেন, ‘সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা আপাতত খুব বেশি বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো কারণেই আবার ব্যবস্থা নিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।’
তিনি আরও বলেন, ইরানের হুমকি থেকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন অনেক বেশি নিরাপদ। সংঘাতের অবসানের দিকে অগ্রগতি হচ্ছে এবং শিগগিরই যুদ্ধ শেষ হতে পারে বলে তিনি মনে করেন।
এদিকে ট্রাম্পের বক্তব্যকে বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সরকারকে বিপর্যস্ত করে দিয়েছে। কিন্তু ওয়াশিংটন মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে।’ তিনি আরও বলেন, ‘তাস গুটিয়ে নিন। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া সংবাদ তৈরি বন্ধ করুন।’
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান। ইরানি সংবাদমাধ্যমের বরাতে তিনি বলেন, ইরান আলোচনায় বসতে প্রস্তুত, তবে কোনো ধরনের চাপ বা শক্তি প্রয়োগের কাছে আত্মসমর্পণ করবে না।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এরপর সংঘাত ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। যুদ্ধ শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই ইরান তেল, গ্যাস ও সার পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। পাশাপাশি কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা।
যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য সংঘাতও নতুন মাত্রা পেয়েছে। ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে সৌদি আরব নতুন করে অভিযান শুরু করেছে। অন্যদিকে, দক্ষিণ লেবাননে দখলদারত্ব সম্প্রসারণের পাশাপাশি প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
যুদ্ধের প্রায় ৯ মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছে। দুই পক্ষের মধ্যে মাঝেমধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কেশম দ্বীপে ‘সীমিত মাত্রার হামলা’ চালানোর কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি, সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিদের বিষয়ে তথ্য দিতে দুই কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন।
২০২৫ সালের জুনে সংঘটিত ১২ দিনের যুদ্ধের পর ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করাকে চলমান যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন তিনি। অন্যদিকে, ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য পরিচালিত হচ্ছে।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। শর্তগুলোর মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড়, ওমানের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে হরমুজ প্রণালি দিয়ে নতুন নৌ চলাচল রুটের স্বীকৃতি এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। এর মধ্যে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের দাবিও রয়েছে।
এই সংঘাতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করছেন। সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া দুই দিনের একটি প্রস্তাব তুলে ধরেছেন বলে জানা গেছে।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, সংঘাতের সমাপ্তি ঘোষণা করে বিষয়টি এখানেই শেষ করে দিচ্ছেন না কেন? জবাবে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রাখা প্রয়োজন। তিনি স্বল্পমেয়াদি সমাধানের পরিবর্তে দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্ব দেন।
ট্রাম্প বলেন, ‘ওই অঞ্চলে আমাদের বেশ কয়েকজন ঘনিষ্ঠ মিত্র রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে তারা ক্ষতিগ্রস্ত হবে।’ তিনি আরও বলেন, ‘ছয় মাস আগের তুলনায় তারা এখন অনেক বেশি নিরাপদ। কারণ, ইরানের নেতৃত্ব ও সামরিক কাঠামো ব্যাপকভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে ইরান এখনো কিছুটা দাদাগিরি দেখাচ্ছে।’









