
বাজারে সবজির টান, খেতজুড়ে ফলন্ত কাঁকরোল। তাই বৃষ্টি-বাদলের ক্ষতি পুষিয়ে এবার ৮ থেকে ১০ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছিলেন প্রান্তিক কৃষক আবুল হাসেম। সেই স্বপ্ন আর পূরণ হলো না। শুক্রবার সকালে খেতে গিয়ে দেখেন, তাঁর প্রায় ৫০ শতক ফলন্ত কাঁকরোলগাছ গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মুহূর্তেই নষ্ট হয়ে যায় কয়েক মাসের শ্রম, বিনিয়োগ ও সম্ভাব্য আয়।
ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চেম্প্রুপাড়া এলাকার আমতলী পাড়ায়। কৃষক হাসেমের দাবি, প্রতিহিংসার জেরে কেউ এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তিনি মানসিক ও আর্থিকভাবে ভেঙে পড়েছেন।
কৃষক আবুল হাসেম বলেন, ‘আমি একজন প্রান্তিক বর্গাচাষি। এবার ৪৬ শতক জমিতে কাঁকরোল চাষ করেছি। প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছে। খেতটি ফুল-ফলে ভরে উঠেছিল। কিন্তু গত জুলাইয়ের প্রথম দুই সপ্তাহের টানা ভারী বৃষ্টিতে খেত ও ফলে ব্যাপক ক্ষতি হয়। এরপর গাছ ও ফল টিকিয়ে রাখতে কঠোর পরিশ্রম করেছি। গত দুই সপ্তাহে প্রায় এক লাখ টাকার কাঁকরোল বিক্রি করেছি।’
তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকেলেও ৩০০ কেজি কাঁকরোল তুলেছি। শুক্রবার সকালে সাড়ে ১৮ হাজার টাকায় তা বিক্রি করে খেতে ফুলের পরাগায়ন করতে যাই। গিয়ে দেখি, কে বা কারা আমার ফলন্ত কাঁকরোলগাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে।’
হাসেম আরও বলেন, ‘সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। পরে রোদ ওঠার পর কাটা গাছগুলো মরতে শুরু করে। এ অবস্থায়ও ৩০০ কেজির বেশি অপরিপক্ব কাঁকরোল ছিঁড়ে নিতে হয়েছে। বৃষ্টি শেষে বাজারে সবজির সংকট থাকায় এবার ৮ থেকে ১০ লাখ টাকা আয় হবে বলে আশা করেছিলাম। সেই টাকা দিয়ে আগামী কোরবানির ঈদকে সামনে রেখে কয়েকটি গরু মোটাতাজা করার পরিকল্পনা ছিল। কিন্তু প্রতিবেশীদের কেউ প্রতিহিংসাপরায়ণ হয়ে আমার খেত কেটে দিয়েছে বলে ধারণা করছি। আমি না মরলেও মানসিক ও আর্থিকভাবে আমার স্বপ্ন চুরমার হয়ে গেছে।’
স্থানীয় বাসিন্দা আদম আলী বলেন, ‘মানিকছড়ির অধিকাংশ মানুষের আয়ের অন্যতম উৎস খেত-খামার। একজন কৃষক দিনের পর দিন ঘাম ঝরিয়ে যে ফসল ফলান, তা এভাবে কেটে নষ্ট করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। এমন নিষ্ঠুর কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান বলেন, ‘ফল ও সবজি গাছের সঙ্গেও মানুষের শত্রুতা হতে পারে—এটি অত্যন্ত অমানবিক ও নিন্দনীয়। মানিকছড়ির মৌসুমি সবজি সমতলের মানুষের পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখছে। বৃষ্টি-পরবর্তী সময়ে বাজারে যখন সবজির সংকট, তখন কৃষকেরা ক্ষতিগ্রস্ত খেতে আবারও সবজি উৎপাদনে কঠোর পরিশ্রম করছেন। এমন সময়ে একটি ফলন্ত খেত কেটে দেওয়ার খবর সত্যিই দুঃখজনক।’
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হাসেমের পক্ষ থেকে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।

কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার কুষ্টিয়া সদর ও দৌলতপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। আজ সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ চাইনা রানী বিশ্বাসকে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস...
৩ মিনিট আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ বা ১৬ মার্চ। আজ মঙ্গলবার জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক বাবুল হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।
৭ মিনিট আগে
বংশাল পুরান ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। এখানকার পুরোনো পুকুরটির পাড় ভেঙে যাওয়ায় আশপাশের বাসাবাড়ি ও ভবন চরম ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় চাহিদা ও জনস্বার্থ বিবেচনায় পুকুরটি সংরক্ষণ করা জরুরি। পুকুরটি সিটি করপোরেশনের অধীনে না এলে সেখানে সরকারি তহবিলে...
৯ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের প্রস্তুতিকালে প্রায় ৭২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি যৌথ দল।
১১ মিনিট আগে