
‘একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে জয়পুরহাটে দিনব্যাপী ফটোগ্রাফি কর্মশালা, আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) সকালে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির উদ্যোগে এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সহ-আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জমা দেওয়া আলোকচিত্র থেকে বিচারকমণ্ডলী সেরা ৫০টি ছবি বাছাই করেন। পরে নির্বাচিত ছবিগুলো প্রদর্শনী গ্যালারিতে দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদীর এবং এলিগেন্ট ইভেন্টসের সিইও মো. সালেহুর রহমান সজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সভাপতি মেজবাউল ইসলাম।
জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া বলেন, তরুণদের মেধা ও সৃজনশীলতা বিকাশে ফটোগ্রাফি অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। একটি ছবির মাধ্যমে একটি ঘটনা, সময়, মানুষ ও সমাজের নানা বাস্তবতা তুলে ধরা সম্ভব। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ইতিবাচক ও সৃজনশীল কাজে উৎসাহিত করবে।
প্রতিযোগিতা শেষে স্কুল ও কলেজ—দুটি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। স্কুল পর্যায়ে প্রথম স্থান অধিকার করে নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফিদ হাসান এবং দ্বিতীয় স্থান অর্জন করে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ হোসেন। কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী মো. ময়নুল হোসেন সাদিক এবং দ্বিতীয় স্থান অর্জন করে একই কলেজের শিক্ষার্থী মেহজাবিন নাফিশা।
আয়োজকেরা জানান, ফটোগ্রাফি এখন শুধু শখের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি আধুনিক দৃশ্যশিল্পের পাশাপাশি একটি সম্ভাবনাময় পেশার মাধ্যম হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। একটি ভালো ফ্রেমের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র, মানুষের জীবনযাপন, প্রকৃতি ও ইতিহাসকে ধরে রাখা সম্ভব।
নতুন ও প্রতিভাবান আলোকচিত্রীদের খুঁজে বের করা এবং শিক্ষার্থীদের ফটোগ্রাফির প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজকেরা। তাঁরা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সদস্যসচিব দেবাশীষ, সদস্য বিপ্লব, রাফি, বাধন মন্ডল, জুলফিকার, বায়েজিদসহ সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় সাংবাদিক ও তরুণ আলোকচিত্রীরা।

শেরপুরের নকলায় ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যানচালক আবদুল মন্নাছ হত্যার ঘটনায় প্রায় তিন বছর পর রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় তিনি নিখোঁজ হয়েছিলেন। দুই দিন পর জামালপুরের বাঘমারি বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
খুলনার তেরখাদা থেকে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতে আসেন কামরুল ও আল-আমিন। কাজের টাকা শেষ হয়ে যাওয়ায় আল-আমিন কামরুলের কাছে টাকা চাইলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আল-আমিন সবজি কাটার ছুরি দিয়ে কামরুলের গলায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়...
২৮ মিনিট আগে
দিনাজপুরে সাত দফা দাবিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা দলিল লেখক সমিতি। আজ বুধবার জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান।
৩১ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পেশাগত দায়িত্ব পালনকালে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩৩ মিনিট আগে