৩০ লাখ টাকা ঘুষের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, ক্ষুব্ধ প্রার্থীরা

ঘুষ লেনদেনের অভিযোগে জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার সকালে জয়পুরহাট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সকাল ১০টার দিকে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে পরীক্ষা স্থগিতের নোটিশ দেয় কর্তৃপক্ষ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ওই পদের জন্য ৩০ লাখ টাকা ঘুষ লেনদেনের একটি অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদের বিপরীতে ১৪ জন আবেদন করলেও আজ সকালে পরীক্ষা দিতে কেন্দ্রে উপস্থিত হন ছয়জন। কিন্তু পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে স্থগিতের সিদ্ধান্তে কেন্দ্রে আসা প্রার্থীরা ক্ষুব্ধ হন। কেন পরীক্ষা স্থগিত করা হলো—সে বিষয়েও তাঁরা স্পষ্ট কোনো ব্যাখ্যা পাননি। এ সময় ৩০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠা প্রার্থী আবু রায়হান মণ্ডলও উপস্থিত ছিলেন।
তবে ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে আবু রায়হান মণ্ডল বলেন, ‘পরীক্ষা শুরুর নির্ধারিত সময় ঘনিয়ে এলেও কেন্দ্রে পরীক্ষা আয়োজনের কোনো প্রস্তুতি দেখতে পাইনি।’
পরীক্ষাকেন্দ্রের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন উপস্থিত ছিলেন। তবে কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিন উপস্থিত না থাকায় পরীক্ষা স্থগিত করা হয়।
তবে তাজ উদ্দিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত না হওয়ায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ফেসবুকে তো কত কিছুই বলা হয়। টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।
নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার। তিনি বলেন, পরীক্ষা স্থগিতের কারণ সম্পর্কে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন দেওয়া হবে।
এ বিষয়ে কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিকের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।









