Ajker Patrika

সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধ, ইটের আঘাতে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধ, ইটের আঘাতে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ
নিহত সুমাইয়া খাতুন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ইট দিয়ে মাথায় আঘাত করে সাবেক স্ত্রী সুমাইয়া খাতুনকে (২৪) হত্যার অভিযোগ উঠেছে এনামুল হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। আজ বুধবার সকালে পৌরসভার কাঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন এনামুলকে গণপিটুনি দিয়ে আহত করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে আটক করে পুলিশ।

নিহত সুমাইয়া কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে। প্রায় দুই বছর আগে এনামুলের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে ঝিনাইদহ পৌরসভার শিকারপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে এনামুলের সঙ্গে পারিবারিকভাবে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর সন্তানের অভিভাবকত্ব নিয়ে আদালতে মামলা হয়।

সুমাইয়ার বাবা সেকেন্দার আলী অভিযোগ করেন, মামলাটি প্রত্যাহারের জন্য এনামুল তাঁর মেয়েকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন। এর আগেও তিনি সুমাইয়াকে হত্যার চেষ্টা করেছেন। আজ সকালে এনামুল তাঁদের বাড়িতে এসে মেয়ের সঙ্গে কথাকাটাকাটিতে জড়ান। একপর্যায়ে ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফি সুলতানা আইভি বলেন, সুমাইয়া খাতুনকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ইট দিয়ে আঘাত করে সুমাইয়াকে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত এনামুলকে মারধর করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত