ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ছয় দিন পর কালীনদী থেকে তুষার পাল (৫৭) নামের এক দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার কচুয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালীনদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তুষার পাল ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় স্বজনেরা সেটি তুষার পালের বলে শনাক্ত করেন।
তুষার পালের ভাতিজা তরঙ্গ পাল জানান, গত মঙ্গলবার সকালে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন তাঁর চাচা। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ দুপুরে নদীতে মরদেহ ভাসার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে সেটি শনাক্ত করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, তুষার পাল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বিভিন্ন সময় রাতে মন্দিরে অবস্থান করতেন।










