
ঝালকাঠির নলছিটিতে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়েছেন। গতকাল রোববার উপজেলার মানপাশা বাজার এলাকা এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নলছিটি থানার এসআই আখতার হোসেন উপজেলার সরমহল গ্রামের মো. আল-আমিন সরদারকে মানপাশা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেন। আল-আমিন রাজবাড়ী হাইওয়ে থানায় করা একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তিনি পেশায় একজন ট্রাকচালক।
খবর পেয়ে তাঁর ভাই মো. আবু মুছা সরদার দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ ও ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি হিসেবে পরিচয় দিয়ে গ্রেপ্তার ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দিতে থাকেন।
একপর্যায়ে পুলিশ ও আবু মুছা সরদারের লোকজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় তাঁরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আল-আমিনকে জোরপূর্বক ছিনিয়ে নেন। এতে এসআই আখতার হোসেন আহত হন।
খবর পেয়ে নলছিটি থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ছিনিয়ে নেওয়া আসামির ফেলে যাওয়া একটি ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে আসামি ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, রাজবাড়ী হাইওয়ে পুলিশের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তা ছিনিয়ে নেওয়া হয়।
এতে একজন পুলিশ সদস্য আহত হন। সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ বিষয়ে ঝালকাঠি ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন বলেন, ‘আবু মুছা সরদার ইসলামী ছাত্র আন্দোলনের নলছিটি উপজেলা সভাপতি। বিষয়টি জানার পর আমি উপজেলার নেতা-কর্মীদের খোঁজখবর নিতে বলেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, পলাতক আসামি আল-আমিন সরদার ও অভিযুক্ত আবু মুছা সরদার সম্পর্কে আপন ভাই। তাঁদের বাবা ইছহাক সরদার স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় সেকান্দার আলী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় তাঁর স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, সোমবার দুপুরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্টোরকিপার ফারুক হোসেন প্রায় ৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওজন পরিমাপক যন্ত্র চুরি করে বের করেন। এসব পণ্য তিনি সন্ধ্যার দিকে উপজেলার কলেজপাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের বুকিং কার্যালয়ে নিয়ে যান।
১ ঘণ্টা আগে
খুলনা মহানগরীর যানজট নিরসনকল্পে কেএমপির ট্রাফিক বিভাগ এবং অটোরিকশার মালিক ও চালক সমিতির নেতাদের সঙ্গে সভা করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা হয়।
৬ ঘণ্টা আগে
বরিশালের বাকেরগঞ্জে চাল কম দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নিয়ামতি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগে