
ঢাকায় আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা চলমান থাকতেই এবার যশোরের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত হাসপাতালটিতে এ ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় পরপর কয়েকটি ইনজেকশন দেওয়ার পর রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরে তাঁর মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় অবহেলার অভিযোগ নাকচ করে দিয়েছে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের গাজীপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী ইমরান হোসেন জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বৃহস্পতিবার বিকেলে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
স্বজনদের দাবি, জরুরি বিভাগে ভর্তির পর রোগীকে পরপর কয়েকটি ইনজেকশন দেওয়া হয়। এর পরপরই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। একপর্যায়ে তাঁকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্বজনেরা হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
নিহতের খালাতো ভাই ইসমাইল হোসেন অভিযোগ করেন, রোগীর মূল সমস্যা ছিল শ্বাসকষ্ট। কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিবর্তে একের পর এক ইনজেকশন দেওয়া হয়।
তিনি বলেন, ‘প্রথম ইনজেকশনের পর থেকেই ইমরান অস্বস্তি বোধ করতে থাকেন। দ্বিতীয় ইনজেকশনের পর তাঁর মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। পরে তৃতীয় ইনজেকশন দেওয়ার কিছু সময়ের মধ্যে তিনি নিস্তেজ হয়ে পড়েন।’
স্বজনদের অভিযোগ, রোগীর অবস্থার অবনতি হলেও তা যথাযথ গুরুত্ব পায়নি। তাঁদের দাবি, রোগীকে আইসিইউতে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। পরে বিষয়টি আড়াল করতে কিছু সময় আইসিইউতে রাখা হয়।
এদিকে নিহতের বাবা শওকত আলী বিশ্বাস শুক্রবার দুপুরে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তাঁর ছেলেকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই স্যালাইন ও ক্যানুলার মাধ্যমে একাধিক ইনজেকশন প্রয়োগ করা হয়। ইনজেকশন দেওয়ার পরপরই তার ছেলে চিৎকার করতে থাকেন এবং অল্প সময়ের মধ্যে মারা যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শওকত আলী বিশ্বাস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ইমরান হোসেনের সংসারে ১৭ মাস বয়সী একমাত্র ছেলে এলহাম রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক। তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী জরুরি বিভাগে রোগীকে দেখা হয়েছে এবং পরবর্তীকালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও নেওয়া হয়েছে। রোগীকে প্রাথমিকভাবে গ্যাস ও বমিজনিত সমস্যার চিকিৎসা দেওয়া হয়েছিল। এটি একটি স্বাভাবিক মৃত্যু। চিকিৎসায় কোনো অবহেলা হয়নি।’
ঘটনার পর হাসপাতাল চত্বরে নিহতের স্বজন, প্রতিবেশী ও স্থানীয় শতাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাঁরা ঘটনার ব্যাখ্যা এবং অভিযোগের তদন্ত দাবি করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কক্সবাজারের চকরিয়ায় শনিবার দেশজুড়ে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডুলাহাজারা সাফারি পার্কে তিনি প্রথম গাছ হিসেবে নাগলিঙ্গম রোপণ করবেন। সফরে খাল খনন উদ্বোধন, কবর জিয়ারত, ভিত্তিপ্রস্তর স্থাপন ও জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
৭ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুর রশিদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে রহমত উল্যাহ (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া খোরশেদ আলম (৫৫) নামের এক কৃষক আহত হন।
১৭ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে একটি রাইস মিলের পরিত্যক্ত চাতালের কক্ষে গোপনে ছয়টি ঘোড়া জবাই করা হয়। এরপর গরুর মাংসের সঙ্গে এসব মাংস মিশিয়ে পাচারের চেষ্টা করলে স্থানীয় লোকজন ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
২৪ মিনিট আগে