ভারতে পাচারের পথে ১৫টি সোনার বার উদ্ধার, আটক ৩

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১৫টি সোনার বারসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ৭৮০ গ্রাম। বিজিবির দাবি, এসব সোনার বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। ভারতে পাচারের উদ্দেশে সোনাগুলো নেওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
আজ শুক্রবার ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) ও সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।
আজ দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় আটক ব্যক্তিদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৫টি সোনার বার পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
অভিযানে সোনার বার ছাড়াও ২৩ গ্রাম রুপা, একটি প্রাইভেট কার, চারটি মোবাইল ফোন, দুটি হাতঘড়ি ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, রুপার মূল্য ৭ হাজার টাকা, প্রাইভেট কারের মূল্য ৩২ লাখ টাকা, মোবাইল ফোনের মূল্য ৪৮ হাজার টাকা এবং হাতঘড়ির মূল্য ৩ হাজার টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে জব্দ করা মালামালসহ তাঁদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।









