বেনাপোলে শ্রমিকনেতার ওপর ককটেল হামলা: বিএনপির ৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান ও তাঁর এক সঙ্গীর ওপর ককটেল হামলার অভিযোগে মামলা হয়েছে। মামলায় পৌর বিএনপির আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে হামলার শিকার তবিবুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলাটি করেন। তিনি বেনাপোল পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদকও।
মামলার আসামিরা হলেন বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আশা (৩০), জামশের আলীর ছেলে বাবু (৩৫), ইসরাফিলের ছেলে চয়ন (২৭), মৃত হবি সরদারের ছেলে ইব্রাহিম (৪০) ও ইসরাফিল (৫৫), মৃত সোলেমান সরদারের ছেলে জামশের আলী (৬০), জামশের আলীর ছেলে বকুল (৩৫) এবং মৃত ছামাদের ছেলে আবদুল আহাদ (৬০)।
মামলার আট নম্বর আসামি আবদুল আহাদ বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর। আরেক আসামি ইসরাফিল সরদার বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। অন্য আসামিরাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জেরে গত ২৪ নভেম্বর দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে ছোট আঁচড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন তবিবুর রহমান ও তাঁর সঙ্গী মো. লুকমান হোসেন (৫০)। রাত ১২টা ৩৭ মিনিটের দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে আসামিরা তাঁদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে একটি বিস্ফোরিত হলে স্প্লিন্টারের আঘাতে তবিবুরের ডান পায়ের বিভিন্ন স্থানে এবং লুকমানের বাম পায়ের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, তবিবুর রহমান বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেছেন। ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে। পরে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










