Ajker Patrika

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়ের সুযোগও নেই: প্রতিমন্ত্রী অমিত

­যশোর প্রতিনিধি
দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়ের সুযোগও নেই: প্রতিমন্ত্রী অমিত
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। ফলে পরিকল্পিতভাবে লোডশেডিং করারও সুযোগ নেই। তবে ঝড় বা প্রাকৃতিক কারণে কোথাও কোথাও বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা দেখা দিলে সাময়িক বিদ্যুৎ-বিভ্রাট হতে পারে। আজ বৃহস্পতিবার যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। এতে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে সকাল সাড়ে ৮টায় একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। যশোরের ৮ উপজেলার ৯৩টি ইউনিয়নের প্রায় সাড়ে ৬ হাজার মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বিকেল ৪টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। যাঁরা কোরবানি করবেন, তাঁরা বেলা ২টার মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলবেন। তাহলে পৌরসভার কর্মীরা দ্রুত সেগুলো সরিয়ে নিতে পারবেন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, বিকেল ৪টার পর বর্জ্য ফেলা হলে তাৎক্ষণিকভাবে তা অপসারণ করা সম্ভব হবে না।

ঈদের আনন্দ নিরাপদ রাখতে মোটরসাইকেলচালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সড়কে ধীরগতিতে চলাচল করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

এ সময় তিনি আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘কোরবানির পাশাপাশি আমাদের অন্তরের পশুত্বকেও কোরবানি করতে হবে।’

ঈদের নামাজ শেষে জেলার বিভিন্ন এলাকায় পশু কোরবানির কার্যক্রম শুরু হয়। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভা ও স্বেচ্ছাসেবী দলের সদস্যদের সক্রিয় থাকতে দেখা গেছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদগাহ, গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কাজ করছে পৌরসভা ও স্থানীয় প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত