
যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের সরসকাঠি ও বাগডোব এলাকায় ভূমিহীনদের জন্য নির্মিত ৯টি আশ্রয়ণ ঘর দেড় বছর ধরে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। নির্মাণকাজ শেষ হয়ে বিদ্যুতের মিটার সংযোগ দেওয়া হলেও তালিকাভুক্ত উপকারভোগীদের কাছে এখনো ঘরগুলো হস্তান্তর করা হয়নি। ফলে খালি পড়ে থাকা ঘরগুলোতে মাদকসেবীদের আড্ডা বসছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে সরসকাঠি ও বাগডোব এলাকার খাসজমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য ইট ফেলা হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুদিন কাজ বন্ধ থাকলেও প্রায় দুই মাস পর আবার নির্মাণকাজ শুরু হয়। পরে সরসকাঠি মৌজায় সাতটি এবং বাগডোব মৌজায় দুটি ঘর নির্মাণ সম্পন্ন হয়। ২০২৪ সালের শেষ দিকে নির্মাণকাজ শেষ হলেও আজ পর্যন্ত ঘরগুলো উপকারভোগীদের বুঝিয়ে দেওয়া হয়নি।
রোহিতা ইউনিয়ন ভূমি অফিস সূত্র জানায়, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের আগে প্রকৃত ভূমিহীনদের তালিকা প্রস্তুত করা হয় এবং তা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পাঠানো হয়। তালিকাভুক্ত ব্যক্তিদের অধিকাংশই বর্তমানে অন্যের জমি বা আশ্রয়ে মানবেতর জীবন যাপন করছেন। ঘর নির্মাণ শেষ হওয়ার পরও বারবার যোগাযোগ করেও তাঁরা বরাদ্দকৃত ঘর বুঝে পাননি।
মঙ্গলবার (১৬ জুন) সরেজমিন সরসকাঠি চটপটি মোড় এলাকায় গিয়ে দেখা যায়, দুই সারিতে নির্মিত সাতটি ঘরের মধ্যে চারটির তালা ভাঙা। ঘরগুলোর ভেতরের পরিবেশ নোংরা ও অপরিচ্ছন্ন। বিভিন্ন কক্ষে মাদকসেবনের সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়। কয়েকটি টয়লেট ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। একটি ঘরে গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত বিচালি রাখা হয়েছে। অন্য একটি ঘরের বারান্দায় জ্বালানি কাঠ স্তূপ করে রাখা হয়েছে।
সেখানে কথা হয় ঘরের জন্য তালিকাভুক্ত কাশিমপুর গ্রামের বাসিন্দা রাজু আহম্মেদের সঙ্গে। পেশায় ভ্যানচালক রাজু বলেন, ‘আমার বাবা অন্যের আমবাগান পাহারা দিতেন। ভূমিহীন হওয়ায় আমরা সেই বাগানেই থাকতাম। বাবা মারা যাওয়ার পর এখন আমিও পরিবার নিয়ে সেখানে থাকি। সরকারি ঘরের জন্য আবেদন করেছিলাম। শুনেছি আমার নামে একটি ঘর নির্মাণ হয়েছে। কিন্তু অনেকবার ভূমি অফিসে গিয়েও এখনো ঘর পাইনি।’
স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, ‘২০২৪ সালের শেষ দিকে ঘরগুলোর নির্মাণকাজ শেষ হয়। প্রায় ছয় মাস আগে বিদ্যুতের মিটারও বসানো হয়েছে। কিন্তু এখনো উপকারভোগীদের কাছে ঘর হস্তান্তর করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘চারটি ঘরের তালা ভাঙা। সন্ধ্যার পর সেখানে মাদকসেবীদের আড্ডা বসে। বাইরের লোকজনও আসে। এ কারণে স্থানীয়রা রাতে ওই এলাকায় যেতে ভয় পান। ঘরগুলোর পরিবেশ এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।’
রোহিতা ইউনিয়ন ভূমি কর্মকর্তা কবির হোসেন বলেন, ‘আমাদের ইউনিয়নে ১৩টি আশ্রয়ণ ঘর নির্মাণের পরিকল্পনা ছিল। জমির স্বল্পতার কারণে সরসকাঠিতে সাতটি এবং বাগডোব এলাকায় দুটি ঘর নির্মাণ করা হয়েছে। আমরা যাচাই-বাছাই শেষে ১২ জন ভূমিহীনের তালিকা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পাঠিয়েছি। পরে বরাদ্দ অনুমোদনের বিষয়ে কোনো তথ্য পাইনি।’ তিনি বলেন, ‘নির্মাণকাজ শেষ হওয়ার পর ঠিকাদার ঘরগুলো তালাবদ্ধ করে রেখেছেন। আশ্রয়ণ ঘরে মাদকসেবীদের আড্ডার বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন বলেন, ‘আশ্রয়ণের ঘরগুলো যাদের নামে বরাদ্দ হয়েছে, তাদের কাছে দ্রুত বুঝিয়ে দেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।’
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান বলেন, ‘সরসকাঠি ও বাগডোব এলাকার আশ্রয়ণ ঘরগুলোর বন্দোবস্ত অনেক আগেই সম্পন্ন হয়েছে। তারপরও কেন উপকারভোগীদের কাছে ঘর হস্তান্তর করা হয়নি, তা আমার জানা ছিল না। ইউএনও স্যার বিষয়টি অবগত করার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্রুতই ঘরগুলো তালিকাভুক্ত আবেদনকারীদের বুঝিয়ে দেওয়া হবে।’

আশরাফুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ভাইকে ধারালো অস্ত্র (চায়নিজ কুড়াল) দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে তাঁর সঙ্গে থাকা ব্যাগ, নগদ টাকা ও হাতঘড়ি অক্ষত ছিল বলে জানান তিনি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
৩১ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপকারভোগীদের জন্য নির্মিত প্যান্ডেল বাতাসে ভেঙে পড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মূল মঞ্চ অক্ষত রয়েছে।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে উপজেলার কাজিরপোল সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ২২ বছর বয়সী এক তরুণীর পেট থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় তিন কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে