
জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীদের মুখোশ পরে মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি সত্য নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিওটি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ৪১ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ১৫ থেকে ২০ জন ব্যক্তি হাতে জ্বলন্ত মশাল নিয়ে মিছিল করছেন। তাঁদের সবার মুখ ঢাকা ছিল। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘ক্যাঙ্গারু কোর্টের রায় মানি না, মানি না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘জনগণের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এ ধরনের স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওতে থাকা ডিজিটাল ব্যানারে লেখা রয়েছে, ‘অসাংবিধানিক ও অবৈধ ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের বিচার এবং পূর্বনির্ধারিত রায়ের বিরুদ্ধে মশাল মিছিল।’ আয়োজক হিসেবে উল্লেখ করা হয়েছে ‘বকশীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগ’-এর নাম।
ব্যানারের এক পাশে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয়ের ছবি রয়েছে। অন্য পাশে বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর এবং ক্ষমতাচ্যুত সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদসহ আওয়ামী লীগের কয়েকজন নেতার ছবি দেখা যায়।
তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় বা মিছিলের নেতৃত্বে কারা ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
ব্যানারে নিজের ছবি ব্যবহারের বিষয়ে নজরুল ইসলাম সওদাগর বলেন, ‘আগামী পৌরসভা নির্বাচনে যাতে আমি অংশ নিতে না পারি, সে জন্য আমার ছবি দিয়ে কারা যেন যুবলীগের ব্যানারে মশাল মিছিল করেছে। আমাকে যুবলীগ নেতা বলা হয়। কিন্তু যুবলীগের কমিটিতে আমার নাম কেউ দেখাতে পারবে না।’
উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর বলেন, ‘মুখোশ থাকায় মিছিলকারীদের কাউকে চেনা যাচ্ছে না। আমাদের ধারণা, বিএনপিরই একটি পক্ষ মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে হেয় করতে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখতে থানা-পুলিশকে বলেছি।’
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মশাল মিছিলের ভিডিও সম্পর্কে জেনেছি। তবে ঘটনা সঠিক নয়। এআই দিয়ে কে বা কারা কোথা থেকে এটি তৈরি করে ফেসবুকে পোস্ট করেছে।’

ময়মনসিংহ সদরের একটি খালের পানিতে ভাসতে থাকা প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি জেলার ত্রিশাল উপজেলার রমেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। পেশায় জুয়েলারি কারিগর নিরঞ্জন স্ত্রী-সন্তান নিয়ে নগরীর স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায়....
৯ মিনিট আগে
উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য, ছড়াকার ও শিশু সাহিত্যিক আখতার হুসেনের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকবে...
১৩ মিনিট আগে
এটি আত্মহত্যা নয়। সালেহাকে তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গলা টিপে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল। এমনকি পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহটি গাছ থেকে নামিয়েছে।
১৬ মিনিট আগে
সরকার প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়িয়েছে ১৭ পয়সা। অথচ ফরিদপুর থেকে চলাচলকারী অধিকাংশ দূরপাল্লার বাসে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। আন্তজেলা ও লোকাল মিনিবাসেও নির্ধারিত নতুন ভাড়ার প্রায় দ্বিগুণ আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এতে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
২২ মিনিট আগে