
সরকার প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়িয়েছে ১৭ পয়সা। অথচ ফরিদপুর থেকে চলাচলকারী অধিকাংশ দূরপাল্লার বাসে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। আন্তজেলা ও লোকাল মিনিবাসেও নির্ধারিত নতুন ভাড়ার প্রায় দ্বিগুণ আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এতে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
ফরিদপুর পৌর বাস টার্মিনাল, নতুন বাসস্ট্যান্ড ও পুরোনো বাসস্ট্যান্ড ঘুরে এবং যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। গত মঙ্গলবার থেকেই পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে সরেজমিনে দেখা গেছে।
গত মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আন্তজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ পয়সা।
ফরিদপুরে অবশ্য ভিন্ন চিত্র দেখা গেছে। প্রতি কিলোমিটারে ১৭ পয়সার পরিবর্তে প্রায় ৪৬ পয়সা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের তথ্য পাওয়া গেছে।
ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার গুলিস্তান ও সায়েদাবাদ বাস টার্মিনাল পর্যন্ত সর্বোচ্চ দূরত্ব ১১০ কিলোমিটার। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকার গাবতলী পর্যন্ত দূরত্ব ১১৮ কিলোমিটার।
সেই হিসাবে, সরকার নির্ধারিত নতুন হারে সায়েদাবাদ পর্যন্ত ভাড়া বাড়ার কথা ১৮ টাকা ৭০ পয়সা এবং গাবতলী পর্যন্ত ২০ টাকা। সরেজমিনে দেখা গেছে, ফরিদপুর থেকে ঢাকাগামী অধিকাংশ বাসে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এই বৃদ্ধি সরকার নির্ধারিত নতুন হারের আড়াই গুণের বেশি। কোনো কাউন্টারেই নতুন ভাড়ার তালিকা দেখা যায়নি।
ঢাকাগামী যাত্রী আজমুল হোসেন বলেন, ‘একদিকে সরকার তেলের দাম বাড়িয়েছে, অন্যদিকে সেই সুযোগকে কাজে লাগিয়ে বাস ভাড়াও বাড়িয়ে দিয়েছে বাসমালিকেরা। যে যেভাবে পারছে, আমাদের জনগণের পকেট কেটে নিচ্ছে।’
ফরিদপুর পৌর বাস টার্মিনাল থেকে সায়েদাবাদ পর্যন্ত গোল্ডেন লাইন পরিবহনের নন-এসি বাসের প্রতিটি টিকিট ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন মূল্যবৃদ্ধির আগে এই ভাড়া ছিল ৪০০ টাকা। পরিবহনটির এসি বাসে ৫০০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা নেওয়া হচ্ছে।
গোল্ডেন লাইন পরিবহনের ভাঙ্গা রাস্তার মোড়সংলগ্ন ও জোবাইদা ফিলিং স্টেশনসংলগ্ন কাউন্টারেও একইভাবে ৫০ টাকা বাড়তি নেওয়া হচ্ছে।
ভাড়া বেশি নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কাউন্টারের কর্মীরা জানান, প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী তাঁরা ৫০ টাকা বেশি নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কাউন্টারে দায়িত্বে থাকা এক ব্যক্তি বলেন, ‘গত সোমবার রাত থেকেই আমাদের ওয়েবসাইটে এই ভাড়া উল্লেখ করা হয়েছে। সেভাবেই আমরা ভাড়া নিচ্ছি।’
ঢাকার গাবতলীগামী সূর্যমুখী বাসে ৪০০ টাকার পরিবর্তে ৪৫০ টাকা নেওয়া হচ্ছে। নতুন মূল্যবৃদ্ধির হিসাবে এ ভাড়া ৪২০ টাকা হওয়ার কথা। ঢাকাগামী সাউদিয়া পরিবহনসহ অধিকাংশ পরিবহনেও একই চিত্র দেখা গেছে।
সমাজকর্মী মোস্তফা আমীর ফয়সাল ফেসবুকে লিখেছেন, ‘তেলের দাম বাড়ার অজুহাতে যাত্রীদের পকেটে অতিরিক্ত চাপ—এটা মেনে নেওয়া যায় না। যদি সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হয়, তাহলে সেই অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায়ের যৌক্তিকতা কী? ভাড়া বৃদ্ধির সঠিক হিসাব প্রকাশ করুন। যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করুন।’
ফরিদপুর থেকে রাজবাড়ী, মাদারীপুর ও মাগুরাগামী লোকাল মিনিবাসেও নতুন মূল্যবৃদ্ধির দ্বিগুণ হারে ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুরোনো বাস টার্মিনাল থেকে ভাঙ্গা গোলচত্বরের দূরত্ব ৩০ কিলোমিটার। এ পথে সরকার নির্ধারিত হিসাবে ভাড়া ৫ টাকা বাড়ার কথা থাকলেও সাহিদ এন্টারপ্রাইজের বাসে ১০ টাকা করে বাড়তি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।
জেলা বাসমালিক গ্রুপের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন বলেন, ‘দ্রুতই বাসমালিকদের ডেকে বাড়তি ভাড়া না নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে। এরপরও সরকার নির্ধারিত ভাড়া থেকে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, ‘বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে জানা নেই। তথ্যটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে অসংখ্য নারীর সাহসী অংশগ্রহণ ও আত্মত্যাগ আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ওই পরিবর্তনের মধ্য দিয়ে আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন ভবিষ্যৎ তৈরির প্রত্যাশা করেছিলেন নারীরা। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে সেই
২ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে প্রায় ২৫টি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মান্নান শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে প্রকাশ্যে গাছ কাটা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
৭ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকায় ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে হাজেরা বেগম নামে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে আঘাত করে প্রায় দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত নারীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৯ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। সকালে শিশু আদিবা পুকুরপাড়ে গেলে ভিমরুল তাকে কামড়ায়। বিষয়টি দেখতে পেয়ে নানি সুমরি বেগম তাকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় সুমরি বেগমও ভিমরুলের কামড়ে আহত হন।
১২ মিনিট আগে