
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে রাজধানীজুড়ে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি ডিবি, সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য এবং বিশেষ টহল দল মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আজ রোববার সকালে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় ডিএমপি কমিশনার এ কথা বলেন। সভায় আগামী ১৬ জুলাই অনুষ্ঠেয় রথযাত্রা এবং ২৪ জুলাইয়ের উল্টো রথযাত্রা ঘিরে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে রথযাত্রা বড় পরিসরের শোভাযাত্রায় পরিণত হওয়ায় এতে বিপুল মানুষের সমাগম ঘটে। তাই উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ডিএমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি রাখা হবে না। তিনি জানান, প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সংশ্লিষ্ট রথযাত্রা উদ্যাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সমন্বয় সভায় জানানো হয়, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পিকেট পার্টি, টহল দল, ফুট প্যাট্রল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল টিম, সিসিটিভি মনিটরিং, ডিবি, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য, সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করবে। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হবে।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, রথযাত্রায় দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরতে হবে। এ ছাড়া সাদা পোশাকের নিরাপত্তা সদস্য ও লাইনিং ফোর্সও মোতায়েন থাকবে। বৈদ্যুতিক সংযোগ ও তারের বিষয়ে সতর্ক থেকে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ছোট বা বড় সব রথযাত্রাকেই সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সবার সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সর্বসম্মতিক্রমে নির্ধারিত রুট ও সময়সূচির মধ্যে রথযাত্রা শেষ করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে নামাজ ও আজানের সময় লাউডস্পিকার বা মাইক ব্যবহার না করা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ ছাড়া শোভাযাত্রায় অংশ নেওয়া এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডিজিএফআই, এনএসআই, এসবি, সিআইডি, ফায়ার সার্ভিস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং রথযাত্রা উদ্যাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকায় কপোতাক্ষ নদের ওপর নির্মিত কাঠ ও বাঁশের একটি সাঁকো ভারী বৃষ্টি ও প্রবল স্রোতের চাপে ভেঙে গেছে।
২ মিনিট আগে
মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে ফেরার পথে প্রায় সাড়ে ১২ লাখ টাকাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার দুপুর ১২টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তের গুইল্লাখালী পয়েন্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৭ মিনিট আগে
সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। রোববার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গত রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই সকাল থেকে নিউমার্কেটের দোকানপাট খোলা হয়নি। আপাতত সব দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ। এ ছাড়া কোনো ক্রেতাকেও আসতে দেখা যায়নি। আবার নিরাপত্তার স্বার্থে ডিপিডিসি নিউমার্কেটে বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দিয়েছে...
৩৮ মিনিট আগে