
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও শ্রমিক পরিবহনের বাসে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি ও কৃষক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের আরবেলা ফ্যাশন লিমিটেড কারখানার সামনে এই ঘটনা ঘটে।
সংঘর্ষের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. আলাউদ্দিন (৩৪), মাহাবুব আলম (৩২), দেলোয়ার হোসেন (৩০), সিফাত (৩০), জুনায়েদ (২২), মো. মাসুম আহমেদ (৩৫) ও মোবারক হোসেন বাবু (৩৪)। তাঁরা বিএনপি ও কৃষক দলের নেতা-কর্মী বলে জানা গেছে।
বরমী ইউনিয়ন কৃষক দলের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. মাসুম আহমেদ অভিযোগ করেন, তিনি আরবেলা ফ্যাশন লিমিটেড কারখানায় শ্রমিক পরিবহনের বাস সরবরাহ করেন। এ কারণে বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান শামীম তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা এবং মাসিক ৫০ হাজার টাকা দাবি করেন।
মাসুম আহমেদ বলেন, শামীম মনে করেন, তিনি কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। এ নিয়ে আজ দুপুরে কারখানার প্রধান ফটকের সামনে কথা-কাটাকাটির একপর্যায়ে শামীমের লোকজন পাশের হোটেল থেকে কাঠ ও লোহার রড এনে তাঁদের ওপর হামলা চালায়। এতে তিনি ছাড়াও অন্তত পাঁচজন গুরুতর আহত হন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান শামীম। তিনি বলেন, আগামীকাল ত্রিশালে নজরুলজয়ন্তীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহাসড়কে সংবর্ধনা দেওয়ার বিষয়ে বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা চলছিল। আলোচনা শেষে পাশের কারখানায় গেলে কৃষক দলের নেতা মাসুম আহমেদের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে তাঁর কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। বাস ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক দোকানি বলেন, প্রথমে অর্ধশতাধিক যুবক হট্টগোল শুরু করেন। পরে লাঠি ও লোহার রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বেশ কয়েকজন আহত হন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকটি বাসের জানালার কাচ ভাঙচুর করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বান্দরবানে অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার সকালে শহরের ট্রাফিক মোড়ে একটি প্রাইভেট কার তল্লাশি করে সিটের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগে
মন্ত্রী বলেন, লাম্পি স্কিন ডিজিজ গবাদিপশুর জন্য অত্যন্ত ক্ষতিকর একটি রোগ। কোনো খামারে এ রোগ দেখা দিলে দ্রুত অন্য পশুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এতে খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। তাই চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদানের ওপর গুরুত্ব দিতে হবে।
৩২ মিনিট আগে
রাজশাহী বাস টার্মিনালে এসে অনেক যাত্রীকে বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও দেশের অন্যান্য গন্তব্যে চলাচল করে। ফলে বাস বন্ধ থাকায় এসব রুটের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।
১ ঘণ্টা আগে
‘আমি শুনেছি, এখানে জমি রেজিস্ট্রি হয় সাবরেজিস্ট্রি অফিসে। ওখানে যারা চাকরি করে তারা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়ে থাকে। যেখানে ২০০ টাকার নেওয়ার কথা সেখানে অনেক বেশি টাকা নেওয়া হয় এবং এখানে এই টাকা না কি ভাগাভাগি হয়।’
১ ঘণ্টা আগে