
গাজীপুরের শ্রীপুরে বনভূমি জবরদখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৫৬টি বসতবাড়ি ও অন্যান্য স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটের তালতলী পেলাইদ ও সাইটালিয়া গ্রামে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ। অভিযানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার ও বন বিভাগের চার শতাধিক সদস্য সহযোগিতা করেন।
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পরপরই শ্রীপুর রেঞ্জের অধীনে সংরক্ষিত বনাঞ্চলের ভূমি জবরদখল করে অনেক অবৈধ বসতবাড়ি ও স্থাপনা নির্মাণ করা হয়। এসব ভূমি রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনায় অবৈধ বসতবাড়ি চিহ্নিত করে উচ্ছেদের আবেদন করা হয়।
তবে অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার বাসিন্দারা। আকলিমা আক্তার নামের এক পোশাকশ্রমিক বলেন, ‘শরীরের রক্ত পানি করে গার্মেন্টসে কাজ করে উপার্জিত টাকা দিয়ে একটি ঘর তুলছিলাম। আজ এসে আমাকে গাছতলায় বসিয়ে দিল। আশপাশে তো শত শত ঘরবাড়ি, সেগুলো সব থাকল, শুধু আমাকে চোখে পড়ল। অবুঝ শিশু নিয়ে কোথায় থাকব? আমাদের তো কোনো জমি নেই।’
আরেক বাসিন্দা নূরুল ইসলাম বলেন, ‘স্বামী-স্ত্রী গার্মেন্টসে চাকরি করে অনেক কষ্ট করে একটি ঘর নির্মাণ করছি। আমাদের যদি নিজের জমি থাকত, তাহলে কি বনের জমিতে ঘর বানাইতাম? আপনারা দেখেন, আমাদের বাড়ির আশপাশে কোনো বনাঞ্চল আছে কি না। একটি গাছও আমরা ধ্বংস করি নাই।’

রুহুল আমিন নামের একজন বলেন, ‘শেষ সম্বল খরচ করে এই বসতবাড়ি নির্মাণ করছি। নিমেষেই আমার শেষ সম্বল শেষ করে দিল। মাটির সঙ্গে মিশে গেছে আমার স্বপ্ন।’
অভিযান প্রসঙ্গে ইউএনও সজীব বলেন, ‘৫ আগস্টের পরপরই সংরক্ষিত বনভূমি জবরদখল করে গড়ে তোলা ৫৬টি অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জবরদখলমুক্ত হয়েছে চার একর বনভূমি। উদ্ধার ভূমির আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা। অভিযানে সহযোগিতা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার শতাধিক সদস্য।’

এ বিষয়ে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আল মামুন বলেন, ‘৫ আগস্টের পর বনভূমি জবরদখল করে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। ৫ আগস্টের পরপরই বনভূমি জবরদখলের মহোৎসব শুরু করে একটি কুচক্রী মহল। বনাঞ্চলের গাছপালা কেটে, বনভূমি জবরদখল করে হাজার হাজার অবৈধ স্থাপনা নির্মাণ করে। পর্যায়ক্রমে সব ভেঙে গুঁড়িয়ে দিয়ে বনভূমি জবরদখলমুক্ত করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের মালঞ্চ নদী এলাকায় বনদস্যু ‘ডন বাহিনী’র সদস্যরা ছয় জেলেকে অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত জেলেদের মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় একজন জেলে আহত হয়েছেন।
৩ মিনিট আগে
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি জেনারেল মো. শফিকুল ইসলাম মাসুদের একটি জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে প্রশাসনিক কর্মকর্তাদের বদলি ও অপসারণের বিষয়ে মন্তব্য করতে দেখা গেছে।
৯ মিনিট আগে
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকার বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় মা, দুই মেয়ে ও এক অটোরিকশাচালকের মৃত্যুর পরদিন সেখানে স্পিড ব্রেকার নির্মাণ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পর প্রশাসনের উদ্যোগে আজ সোমবার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ওই স্থানে দুটি স্পিড ব্রেকার নির্মাণের...
৩৪ মিনিট আগে
নওগাঁর রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুই যুবকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনায় একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
১ ঘণ্টা আগে