গাজীপুরের শ্রীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক পোশাক কারখানার শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। স্বজনেরা জানান, মারা যাওয়ার আগে ওই যুবক অভিযুক্তদের নাম বলে গেছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ দুজনকে আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের বহেরারচালা গ্রামে ওই ঘটনা ঘটে। দিবাগত রাত ২টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত আব্দুল লতিফ (৩০) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের বহেরারচালা এলাকার আব্দুর খালেকের ছেলে। তিনি স্থানীয় নিট হরাইজন নামে একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
নিহতের বোন খাদিজা আক্তার বলেন, ‘রাত ৯টার দিকে ঈদের দাওয়াতের কথা বলে স্থানীয় শিরিনা ভাইকে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর স্থানীয় মোফাজ্জল হোসেনসহ তাঁরা রাতের খাবার খায়। খাবার খেয়ে শিরিনার বাড়ি থেকে বের হয়ে কিছু দূর আসা মাত্রই অভিযুক্ত মোফাজ্জল হোসেন বাঁশ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে ভাইয়ের মুখ দিয়ে লালা পড়তে থাকে। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাড়ির পাশে নিয়ে আসে। আহত অবস্থায় আমার ভাই অভিযুক্তদের নাম বলে গেছেন।’
নিহত পোশাকশ্রমিকের ছোট ভাই রাব্বি বলেন, ‘রাত ৯টার দিকে প্রতিবেশী এক নারী আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নেন। ওই বাড়িতে সে রাতের খাবার খায়। বের হয়ে আসার সময় প্রতিবেশী মোফাজ্জল নামের এক ব্যক্তি তাকে পেছন থেকে লাঠি আঘাত করে। তাতে আমার ভাই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ির পাশে রেখে যায়। এরপর আমরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।’
রাব্বি অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই।’
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর আলী খান বলেন, খবর পেয়ে রাতেই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

পেট্রল ও অকটেন সংকটে মানিকগঞ্জের শিবালয় উপজেলার গুরুত্বপূর্ণ আরিচা-কাজীরহাট নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দ্রুত যাতায়াতের ওপর নির্ভরশীল হাজারো যাত্রী পড়েছেন ভোগান্তিতে। একই সঙ্গে আয় বন্ধ হয়ে বিপাকে পড়েছেন বোটচালক ও শ্রমিকেরা, আর লোকসানের আশঙ্কায় উদ্বিগ্ন মালিকেরা।
৪৪ মিনিট আগে
সুন্যা বাজারে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, একটি আলিম মাদ্রাসা ও কয়েকটি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সখীপুর ও বাসাইল উপজেলার হাজারো মানুষ ঝুঁকি নিয়েই এই সাঁকো দিয়ে চলাচল করেন। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে রোগী পারাপারের জন্য কোনো যানবাহন...
১ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের একাডেমিক বহিষ্কারের দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে গুরুতরভাবে...
১ ঘণ্টা আগে
একপর্যায়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
১ ঘণ্টা আগে