গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকায় প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আরও ছয়টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, আগুনে একটি ওষুধের দোকান, তিনটি মনিহারি দোকান ও তিনটি ভাঙারির দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।










