Ajker Patrika

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: পোশাক কারখানা বন্ধ, উৎপাদন ব্যাহত

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৮: ৪৭
সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: পোশাক কারখানা বন্ধ, উৎপাদন ব্যাহত
আশুলিয়ার পুকুরপাড় এলাকায় শ্রমিক উত্তেজনা দমনে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ তিন দফা দাবিতে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। অসন্তোষের জেরে প্রায় প্রতিদিন গড়ে অর্ধশত পোশাক কারখানা বন্ধ থাকছে। এতে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।

পোশাক কারখানার মালিকেরা আশঙ্কা করছেন, শ্রমিক অসন্তোষ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়তে পারে। তাঁদের মতে, কাজ হারিয়ে অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়তে পারেন। দীর্ঘদিন কর্মহীন থাকলে এসব শ্রমিকের একটি অংশ একসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে উঠতে পারেন বলেও তাঁদের আশঙ্কা।

শ্রমিক, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার পুকুরপাড় এলাকার অরনিমা নামের একটি পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিতে যান। কারখানায় প্রবেশের পর কাজ না করে তাঁরা কর্মবিরতি পালন করতে থাকেন।

পুলিশ শ্রমিকদের কারখানা থেকে বেরিয়ে যেতে বললে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে পরে যে যার মতো বাড়ি ফিরে যান।

তবে আজ সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকার পরিস্থিতি শান্ত ছিল। এসব এলাকায় কোনো শ্রমিককে সড়কে নেমে বিক্ষোভ করতে দেখা যায়নি। শ্রমিকেরা সড়কে না নামলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও প্রস্তুতি আগের মতোই ছিল।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ২৮টি কারখানা বন্ধ রাখা হয়েছে।

মোমিনুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, বৃহস্পতিবার ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নয়টি কারখানার শ্রমিকেরা কাজে উপস্থিত হলেও কাজ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত