Ajker Patrika

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাশকতার অভিযোগে ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাশকতার অভিযোগে ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা
জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন করেন ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে মধ্যরাত পর্যন্ত কার্যালয়ে অবরুদ্ধ রাখা, প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাস অবরুদ্ধ ঘোষণা এবং অচলাবস্থা সৃষ্টির অভিযোগে ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫০ জনকে।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের সহকারী প্রক্টর (এসও) মো. সালাহ্ উদ্দিনের লিখিত অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার গাছা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলার প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী, গত ১৬ নভেম্বর সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে বিভিন্ন সময়ে গাজীপুরের গাছা থানার বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত এসব ঘটনায় ১৭২ জনের সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সরকারি পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেনকে। দ্বিতীয় আসামি অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেন।

অন্যান্য আসামিরা হলেন পরিচালক (ভারপ্রাপ্ত) মিয়া হোসেন রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মামুনুর রহমান, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন, সেকশন অফিসার ইয়াকুব আলী, অতিরিক্ত রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান নান্নু এবং উচ্চমান সহকারী আব্দুস সালাম।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আব্দুল বাতেন, আফজাল, ফারুক পাটোয়ারী, নিম্নমান সহকারী আরিফ হোসেন খান, সহকারী পরিচালক আমির হোসেন, উপ-কলেজ পরিদর্শক হাবিবা ফাতেমা শম্পা, সহকারী রেজিস্ট্রার আব্দুল জলিল, মো. ওবায়দুল হক (হুজুর), লিফটম্যান রিপন, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার মোহা. আজিজুল হক এবং সেকশন অফিসার মো. শফিকুল ইসলাম।

এর আগে ঘটনাটি তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

গত ১৬ নভেম্বর উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন করেন। আন্দোলনকারীরা উপাচার্যকে মধ্যরাত পর্যন্ত তাঁর কার্যালয়ে অবরুদ্ধ রাখেন এবং কার্যালয়ের সামনে অবস্থান নেন।

একই দিন আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরা পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেল ৩টার দিকে আন্দোলনকারী বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস অবরুদ্ধ ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত