শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ২০টি কারখানা আজ বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন।
তিনি বলেন, শ্রমিক অসন্তোষ ও কারখানা ভাঙচুরের ঘটনায় জানমালের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দুপুর ১২টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা ও নাশকতা ঠেকাতে শিল্পাঞ্চলগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গাজীপুরের কোনাবাড়ী, ভোগড়া বাইপাস, নাওজোড়, গাছা, সফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, গাজীপুর সদর ও শ্রীপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এ সময় সড়ক-মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং ভোগান্তি বেড়েছে।
এ ছাড়া শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।









