
গাজীপুর সদর উপজেলাধীন এলাকায় একসময় ১৩টি ইউনিয়ন পরিষদ ছিল। ২০১৩ সালে গাজীপুর ও টঙ্গী পৌরসভাকে একত্র করে এবং পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর কিছু এলাকা নিয়ে যাত্রা শুরু হয় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক)। একই সঙ্গে অবশিষ্ট দূরবর্তী দুটি ইউনিয়ন পরিষদকে চারটিতে রূপান্তরিত করে পুনর্বিন্যস্ত গাজীপুর সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।
কিন্তু উপজেলা পরিষদ কার্যালয়, সরকারি সব দপ্তর ও নাগরিক সেবা সেই সিটি করপোরেশনভুক্ত এলাকাতে থেকে গেছে। কোনো কার্যালয়ই সদর উপজেলার ভূখণ্ডে স্থানান্তর করা হয়নি। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর নানা শর্ত পূরণ না হওয়ায় সদরের কোনো পৌরসভাও নেই। এমনকি উপজেলাবাসীর জন্য নিজ এলাকায় নেই কোনো স্বাস্থ্য কমপ্লেক্সও।
ফলে এক যুগের বেশি সময় ধরে সরকারের যেকোনো ধরনের সেবা নিতে উপজেলাবাসীকে যেতে হচ্ছে ২৫-৩০ কিলোমিটার দূরের সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায়। এতে নিত্য ভোগান্তিতে পড়তে হচ্ছে সদর উপজেলাবাসীকে।
জানা গেছে, ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন গঠনের পর পূর্বের সদর উপজেলার দুটি ইউনিয়ন থেকে যায়। এর মধ্যে মির্জাপুর ইউনিয়নকে পুনর্বিন্যাস করে ভাওয়ালগড় ও পিরুজালী নামের আরও দুটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। এ ছাড়া রয়েছে বাড়িয়া ইউনিয়ন পরিষদ। সব মিলিয়ে চারটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় সদর উপজেলা। আয়তনের দিক দিয়ে ছোট হলেও উপজেলাটি শিল্পাঞ্চল অধ্যুষিত হওয়ার কারণে এখানে বেশি মানুষের বসবাস। প্রায় ৮ লাখ মানুষের বসবাস এখানে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিটি করপোরেশন গঠনের আগে বর্তমান গাজীপুর মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এলাকায় উপজেলা পরিষদের নিজস্ব কার্যালয় ছিল।
বর্তমানে এই কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে অন্তত ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সদর উপজেলার সব ধরনের কার্যক্রম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, শিক্ষা অফিস, নির্বাচন কর্মকর্তার কার্যালয়সহ সরকারি সব দপ্তর মহানগরীতে রয়ে গেছে। সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে স্বাস্থ্যসেবা পেতে। কয়েকটি কমিউনিটি ক্লিনিক ছাড়া কোনো স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই এখানে। শুধু থানা-পুলিশের কার্যক্রম নিজ ভূখণ্ডে রয়েছে।
সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা গ্রামের বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, ‘আমাদের শুধু নামে উপজেলা রয়েছে। নাগরিক সুবিধা পেতে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখানে একটি স্বাস্থ্য কমপ্লেক্সও নেই। ইউনিয়নের মানুষকে স্বাস্থ্যসেবা পেতে পাশের শ্রীপুর উপজেলায় যতে হয়। বিশেষ করে অন্তঃসত্ত্বা কিংবা মুমূর্ষু রোগীদের দ্রুত সরকারি হাসপাতালে নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে সেবা নিতে হয়। সরকারি দপ্তরের সেবা পেতে ভোগান্তির শেষ নেই। যেতে হয় মহানগরীতে।’
শিরিরচালা গ্রামের বাসিন্দা সুমন হায়দার বলেন, ‘সরকারি কোনো একটি দপ্তর আমাদের উপজেলার চারটি ইউনিয়নের ভেতর নেই। কোনো প্রয়োজন হলেই মহানগরীতে যেতে হয়। সামান্য একটি জন্মনিবন্ধনের সংশোধন করতেও ২৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।’
একই ক্ষোভ ও কষ্টের কথা জানান রাজনৈতিক নেতারাও। গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সদর উপজেলা নামে থাকলেও উপজেলার সীমানায় কোনো সরকারি দপ্তর নেই। দাপ্তরিক সেবা নিতে এই উপজেলার মানুষের অনেক কষ্ট, ভোগান্তি হচ্ছে। যাতায়াত খরচ হচ্ছে কয়েক গুণ বেশি। বর্তমান সংসদ সদস্য আমাদের আশ্বাস দিয়েছেন। আশা করি আমাদের নাগরিক সমস্যার সমাধান হবে।’
এদিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে গত শুক্রবার গাজীপুর সদর উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনসহ সব নাগরিক সুযোগ-সুবিধা নিজ ভূখণ্ডে নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ডে আয়োজিত এ কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘সিটি করপোরেশনে উন্নীত করার আগে থেকে উপজেলা পরিষদ কার্যালয়টি এখানে (মহানগরীতে) অবস্থিত। তবে নাগরিক সেবা নিতে সদর উপজেলাবাসীর ভোগান্তি হচ্ছে, এটা সঠিক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।’
জানতে চাইলে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সমস্যাটি নতুন নয়। সরকারের কার্যালয় স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। জনসাধারণের চিকিৎসাসেবাসহ অনন্য সেবা সঠিকভাবে পৌঁছে দিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করা হচ্ছে।’
এ বিষয়ে গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলা)
আসনের সংসদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘বিষয়টি নিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয়তা উল্লেখ করে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি,
বর্তমান সরকারের সময়ে এই সমস্যার সমাধান হবে।’

দেশে গত কয়েক বছরে জঙ্গিগোষ্ঠীর কোনো হামলা না হলেও জঙ্গিদের অস্তিত্ব পুরোপুরি শেষ হয়নি বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য জঙ্গি হামলা ও জঙ্গি সংগঠনগুলোর পুনর্গঠন চেষ্টার আশঙ্কায় পুলিশ নজরদারি রেখেছে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে সাদা পতাকা লাগানোর ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন...
২৮ মিনিট আগে
প্রতিষ্ঠার সাত দশক পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের আবাসনসংকট কাটেনি; বরং আবাসিক হলগুলোতে আবারও সিট দখলের সংস্কৃতি ফিরে আসার অভিযোগ তুলেছে বিভিন্ন ছাত্রসংগঠন। এসব অভিযোগের তির ছাত্রদল ও ছাত্রশিবিরের বিরুদ্ধে।
৩৯ মিনিট আগে
বরিশালের বাজারে ইলিশের দেখা মিলছে না। যা উঠছে তার দাম আকাশচুম্বী। জেলেরা বলছেন, ভরা মৌসুমেও নদ-নদী, সাগর—কোথাও ইলিশের দেখা নেই। এরই মধ্যে ইলিশ উৎপাদন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে মৎস্য অধিদপ্তর। তারা বলছে, জাটকা, মা ইলিশ এবং অভয়াশ্রমে ইলিশ রক্ষায় যে কার্যক্রম...
১ ঘণ্টা আগে
পাবনার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পুকুরের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার পানিতে পড়ে গেলে তারা বিদ্যুতায়িত হন।
৩ ঘণ্টা আগে