
তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে গাইবান্ধা ও নাটোরের নলডাঙ্গা উপজেলায় বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি হচ্ছে। অনেক জায়গায় চারা মরে যাচ্ছে, আবার জীবিত চারাগুলো হলদে হয়ে পাতা নষ্ট হচ্ছে। ছত্রাকনাশক ও বালাইনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় নির্ধারিত সময়ে জমিতে চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
কৃষি বিভাগ জানায়, চলতি বোরো মৌসুমে হঠাৎ তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে বীজতলার চারায় ‘কোল্ড ইনজুরি’ দেখা দিয়েছে। ক্ষতি কমাতে মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি তাদের।
গাইবান্ধা: জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর গাইবান্ধায় বোরো আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৯ হাজার ১৪০ হেক্টর জমি। বিপরীতে বীজতলা রয়েছে ৬ হাজার ৮১২ হেক্টর।
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের পূর্ব কোমরনই গ্রামের কৃষক মকবুল হোসেন বলেন, ‘তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে অধিকাংশ বোরো বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের বীজতলা ইতিমধ্যে পুরোপুরি নষ্ট হয়েছে। আবার নতুন করে বীজতলা তৈরি করতে হবে। এতে খরচ অনেক বেড়ে যাবে।’
সরেজমিনে দেখা গেছে, তীব্র শীতের কারণে অনেক বীজতলা সাদা রং ধারণ করেছে। কোথাও চারার গোড়ায় পচন ধরেছে, আবার কোথাও চারা শুকিয়ে গেছে। বীজতলা রক্ষায় কৃষকেরা গরম পানি ছিটানো, পলিথিন দিয়ে ঢেকে রাখা, ওষুধ প্রয়োগসহ নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সুন্দরগঞ্জ বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের কৃষক মো. সবুজ মিয়া বলেন, ‘আবাদ করার মতো মোর চাইর বিঘা ভুই আছে। ধানের বেসনোত (বীজ) মোর খরচ হইবে কম করি হইলেও ছয় হাজার ট্যাকা। বেসনও খুব সুন্দর হইছিল মোর। কয়দিনের শীতে অবস্থা খারাপ হইছে। সাদা হয়া পচি যাবার নাইকছে। নষ্ট হইলে ভুই গাইরবার বেসোন মুই কোন্টে পাইম সেই টেনশনে আছোম।’
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে তীব্র শীত ও কুয়াশার কারণে বোরো ধানের বীজতলাগুলোতে কোল্ড ইনজুরি দেখা দিয়েছে। বীজতলার যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, সে বিষয়ে কৃষিকর্মীরা মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। আশা করছি কৃষকেরা বীজতলা নিয়ে তেমন ক্ষতির মুখে পড়বেন না।’
নলডাঙ্গা (নাটোর): নলডাঙ্গা উপজেলায়ও একই পরিস্থিতি। হালতি বিলসহ বিভিন্ন এলাকায় কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক সপ্তাহ ধরে সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বেড়েছে। গত বুধবার থেকে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে।
হালতি বিলের তেঘরিয়া গ্রামের কৃষক ইসাহাক আলী বলেন, ‘এবার আমি পাঁচ কাঠা জমিতে বোরো বীজতলা করেছি। কিন্তু এক সপ্তাহ ধরে চলা কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় বোরো বীজের চারা গাছের পাতা হলদে রং ধারণ করে পচে যাচ্ছে। বালাইনাশক ছিটিয়ে কাজ হচ্ছে না। আমি দুশ্চিন্তায় আছি।’
বীজতলা রক্ষায় অনেক কৃষক রাতে পলিথিন দিয়ে ঢেকে রাখছেন বীজতলা। পরামর্শের জন্য কৃষি কর্মকর্তাদের পাশে পাওয়া যাচ্ছে না বলে কৃষকদের কেউ কেউ অভিযোগ করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
১ ঘণ্টা আগে